দশম জাতীয় সংসদ নির্বাচনের পর শূন্য হওয়া চার পৌরসভার মেয়র পদে নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী এক মাসের মধ্যে নোয়াখালীর চৌমুহনী, ফেনী সদর, চাঁপাইনবাবগঞ্জের রোহনপুর ও ভোলার দৌলতখান পৌরসভার নির্বাচন সম্পন্ন করতে গতকাল বৃহস্পতিবার সংশ্লিষ্ট এলাকায় এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। এই চার পৌরসভার মেয়রগণ দশম সংসদ নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক ও বাকি ৩ পৌরসভার জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো ওই চিঠিতে আগামী ৭ এপ্রিলের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করতে নির্দেশনা দেয়া হয়েছে। পৌর মেয়রের পদে থেকে নির্বাচন করে এমপি পদে বিজয়ী হন ৪ জন। এরা হলেন নোয়াখালী-৩ আসনের মামুনুর রশীদ, ফেনী-২ আসনের নিজাম উদ্দিন হাজারী, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের গোলাম মোস্তফা বিশ্বাস ও ভোলা-২ আসনের আলী আজম। তারা যথাক্রমে চৌমুহনী, ফেনী, রোহনপুর ও দৌলতখান পৌরসভার মেয়র ছিলেন।
এর আগে গত ১৩ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগ ওই চার পৌরসভাকে শূন্য ঘোষণা করে।
