সাবেক প্রতিমন্ত্রীসহ চারজনের বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট : ০৬ মার্চ ২০১৪, ২২:৪৪
প্রায় সাড়ে ১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিএনপি নেতা ও সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবিরসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার রাজধানীর শাহবাগ থানায় মামলাটি দায়ের করা হয়েছে। দুদকের উপ-পরিচালক যতন কুমার রায় মামলাটি করেন। মামলায় ক্ষমতার অপব্যবহার করে অর্থ আত্মসাতের অভিযোগ করা হয়েছে। এ মামলায় অন্য আসামিরা হলেন, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সাবেক উপ-পরিচালক (ভূমি ও সম্পত্তি ব্যবস্থাপনা) মো. আজহারুল হক, ক্যাশিয়ার মো. মনছুর আলম, হিসাব সহকারী মো. মতিয়ার রহমান। দুদক সূত্র জানায়, বিগত চারদলীয় জোট সরকারের সময় সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবিরের হস্তক্ষেপে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের (এনএইচএ) কর্মকর্তারা ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে ঢাকা সাংবাদিক ইউনিয়ন সমবায় সমিতি লিমিটেডকে বাজারমূল্যের চেয়ে কম মূল্যে সাত একর জমি বরাদ্দ দেন। মিরপুর ১৪ ইসিবি চত্ব্বরে সাংবাদিকদের নামে বরাদ্দ দেয়া ওই জমি জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত বিভাগের। ওই জমির প্রকৃত মূল্য ১৮ কোটি ৯১ লাখ ৩০ হাজার ৯শ টাকা হলেও মাত্র ৩ কোটি ৩৮ লাখ ৮০ হাজার টাকা মূল্যে বরাদ্দ দেয়া হয়। স্বল্প মূল্যে বরাদ্দের মাধ্যমে আসামিরা সরকারের ১৫ কোটি ৫২ লাখ ৫০ হাজার ৯শ টাকা ক্ষতিসাধনপূর্বক আত্মসাত্ করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।