দেওয়ানি বিচার ব্যবস্থায় কিছুটা অগ্রগতি হলেও আইনের শাসনের অন্যান্য সূচকে বাংলাদেশ পিছিয়েছে বলে ওয়াশিংটনভিত্তিক আন্তর্জাতিক সংস্থা দ্য ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্টের চতুর্থ প্রতিবেদনে বলা হয়েছে। নিউইয়র্কে সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্ক গ্র্যাজুয়েট সেন্টারে বুধবার প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
এতে বলা হয়, দেওয়ানি বিচার ব্যবস্থার সূচকে বাংলাদেশের অবস্থান ৯৯টি দেশের মধ্যে ৯২, যা দুই বছর আগে ছিল সবচেয়ে তলানিতে। দেওয়ানি আদালতের বিচার প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পাদনের ক্ষেত্রে শীর্ষে রয়েছে নরওয়ে। এছাড়া যুক্তরাষ্ট্র ১৯ এবং যুক্তরাজ্য ১১, নেদারল্যান্ড দুই, জার্মানি তিন এবং সিঙ্গাপুর রয়েছে চার নম্বরে। এবারই প্রথম আফগানিস্তান এবং মিয়ানমারকে এই জরিপে অন্তর্ভুক্ত করা হয়েছে, তবে তাদেরকে কোন সূচকে রাখা হয়নি।
সরকারের জবাবদিহিতার ক্ষেত্রে বাংলাদেশ ৮৩ থেকে এগিয়ে ৮০ নম্বরে রয়েছে। এই সূচকের মাধ্যমে চিহ্নিত করা হয় সরকার আইনের কাছে কতোটা বাধা এবং গণমাধ্যমের মতো প্রতিষ্ঠানগুলো কতোটা স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারছে। দুর্নীতিতে ৯৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৫। গত জরিপে বাংলাদেশের অবস্থান ছিল ৯৭টি দেশের মধ্যে ৮৯।
এছাড়া আইন-শৃঙ্খলা ও নিরাপত্তায় ৭৬তম, মৌলিক অধিকারসমূহে ৮৭তম, সরকারের স্বচ্ছতায় ৮৫তম, আইনের প্রয়োগে ৯১তম, ফৌজদারি বিচার ব্যবস্থায় ৯৪তম অবস্থানে রয়েছে বাংলাদেশ।
প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে পর্যবেক্ষণে বলা হয়, মানবাধিকার লঙ্ঘন এবং পুলিশের নির্যাতন একটি প্রধান সমস্যা। তবে নাগরিকের নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ আগের বছরের চেয়ে ভালো করেছে।
