ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে মেয়েদের সিরিজ জয়

আপডেট : ০৬ মার্চ ২০১৪, ২৩:০৮
জাতীয় ক্রিকেট দল পাকিস্তানের সাথে সমানে পাল্লা দিয়ে শেষ মুহূর্তে হারলেও বাংলাদেশের মেয়েরা কক্সবাজারে তাদের পাকিস্তানী বিপক্ষকে টানা দুটি ওয়ানডেতে হারিয়ে হোয়াইটওয়াশ করল। আগামীকাল পাকিস্তানের বিপক্ষে একই ভেন্যুতে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশের নারী ক্রিকেট দল। সালমা খাতুনের দল দুই জয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের ভালভাবেই ঝালাই করে নিচ্ছে। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচে ৪৩ রানে জিতেছিল তারা। গতকাল বৃহস্পতিবার শেষ ম্যাচে তিন উইকেটের শ্বাসরুদ্ধকর জয় পেল বাংলাদেশের মেয়েরা। কক্সবাজারের নতুন এই ভেন্যু বোলারদের আনুকূল্য দিচ্ছে বলা চলে। প্রথম ম্যাচে সফরকারীদের ১৫৩ রানের লক্ষ্য দিয়েও লতা মন্ডল ও জাহানারা আলমের বোলিংয়ে জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে লতা, পান্না ঘোষ ও রুমানা আহমেদ দুটি করে উইকেট পেলেন। সবচেয়ে বেশি তিন উইকেট নিয়ে পাকিস্তানকে ৮৭ রানে গুটিয়ে দিলেন সোহেলি আখতার। সফরকারীদের হয়ে দু’জন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছান। ২৮ রানে সৈয়দা ফাতিমা আবিদি ও ১৮ রানে অধিনায়ক সানা মির রুমানার জোড়া শিকার হন। সোহেলি চিঁড় ধরান মিডল অর্ডারে। লক্ষ্যে নেমে ১৩ রানে ওপেনার শামিমা সুলতানা আউট হলেও আয়েশা রহমান ও ফারজানা হকের ৩৭ রানই ইনিংস সেরা জুটি হয়ে দাঁড়ায়। এরপর পাকিস্তানি অধিনায়ক সানার বোলিং তাণ্ডবে বিপদে পড়েছিল স্বাগতিকরা। ইনিংস সর্বোচ্চ ২৯ রান করেন আয়েশা। এছাড়া ফারজানা ১৮ ও লতা মন্ডল ১৬ রান করেন। নুজহাত তাসনিয়া ১ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। অপর প্রান্তে টিকে ছিলেন পান্না। মাত্র ২৬ রান দিয়ে চার উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন পাকিস্তানের সানা মীর।