নোয়াখালী সদরের নির্বাচন স্থগিতের বিষয়ে হাইকোর্টের রুল

আপডেট : ০৭ মার্চ ২০১৪, ২০:৩৫
গত ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নোয়াখালী সদর উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না সে মর্মে রুল জারি করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন। একই সাথে আদালত দুই সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর জবাব দেয়ার জন্য প্রধান নির্বাচন কমিশনারকে নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার বিচারপতি সালমা মাসুদ ও মোঃ হাবিবুল গনির দ্বৈত বেঞ্চ এ আদেশ প্রদান করেন। সদর উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহিন পুরো উপজেলায় নির্বাচন স্থগিতের জন্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে একটি রিট আবেদন করেন। তার পক্ষে সিনিয়র এডভোকেট আবদুল বাসেত মজুমদার, ব্যারিস্টার সাজেদ আহমেদ সামী ও এডভোকেট সিরাজুল আলম ভূঁইয়া বৃহস্পতিবার এ রিটের শুনানি করেন। শুনানি শেষে আদালত এ আদেশ দিয়েছেন বলে সংশ্লিষ্ট আইনজীবী ব্যারিস্টার সাজেদ আহমেদ সামী জানিয়েছেন।