সদরপুর উপজেলা সদর বাজারের পাশ দিয়ে প্রবাহমান ভুবনেশ্বর নদ থেকে বাইশ-রশির কাটাখালি পর্যন্ত খরস্রোতা খালটির উত্স মুখের ব্রীজের পাশ থেকে সদরপুর বাজার পর্যন্ত অবৈধ দোকানপাট নির্মাণ করায় পানি নিষ্কাশনের পথ একেবারে বন্ধ হয়ে গেছে।
জানা যায়, ২০০১ সালের পর থেকে ভুবনেশ্বর নদের ব্রীজ সংলগ্ন খালটির উত্স-মুখে জেলা পরিষদের খালের উপর দোকানপাট নির্মাণ শুরু হয়। ব্রীজ থেকে কৃষ্ণপুর বাসস্ট্যান্ড পর্যন্ত ৫শ’ গজ এলাকায় প্রায় শতাধিক আধাপাকা ও টিনশেড দোকান নির্মাণ করায় খালটির উত্স মুখ প্রায় বন্ধের পথে। গত বছর ও এ বছর উক্ত খালটি দিয়ে কোন পানির প্রবাহ না থাকায় প্রায় ৩ কিলোমিটার এলাকায় খালের পানি পচে দুর্গন্ধের সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, বাজারের স্টেডিয়াম মার্কেট সংলগ্ন ব্রীজের পাশে জনৈক সরকারি কর্মকর্তা বহুতলা মার্কেট নির্মাণ করায় পানি নিষ্কাশনের পথ সম্পূর্ণ বন্ধের পথে। এ ব্যাপারে সদরপুর বাজারের ব্যবসায়ীরা জানান, অপরিষ্কার ময়লা পানির গন্ধে তারা বাজারে বসে ব্যবসা করতে পারছে না। এলাকাবাসীর দাবি খালটির উত্স-মুখসহ প্রায় ১ কিলোমিটার এলাকা জরুরি ভিত্তিতে খনন করার প্রয়োজন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও ভারপ্রাপ্ত সহকারী কমিশনার ভূমি মো: লোকমান হোসেন জানান, যদি সরকারি খাল দখল করে কেউ দোকানপাট নির্মাণ করে থাকে, তাহলে তাদের আইনগতভাবে উচ্ছেদ করা হবে।
