সুন্দরগঞ্জে বেতন তুলতে পারেনি ১১ শিক্ষা প্রতিষ্ঠান

আপডেট : ০৭ মার্চ ২০১৪, ২১:৫৮
উপজেলায় স্থানীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের নির্দেশের কারণে ১০ কলেজ ও ১ মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা বেতন-ভাতা উত্তোলন করতে পারেনি। বিদ্যালয় পরিচালনা পর্ষদের কমিটির সভাপতি নিয়ে জটিলতার কারণে স্থানীয় এমপি উপজেলা নির্বাহী অফিসার ও সোনালী ব্যাংক লিমিটেড সুন্দরগঞ্জ শাখার ব্যবস্থাপককে বেতন-ভাতা ছাড় না করার জন্য নির্দেশ দিলে ইউএনও ও ব্যাংক কর্তৃপক্ষ ১১ শিক্ষা প্রতিষ্ঠানের বেতন-ভাতায় স্বাক্ষর করেননি। প্রতিষ্ঠানগুলো হচ্ছে-সুন্দরগঞ্জ ডি.ডব্লিউ ডিগ্রী কলেজ, মহিলা ডিগ্রী কলেজ, বামনডাঙ্গা মহাবিদ্যালয়, বাজারপাড়া মহাবিদ্যালয়, শোভাগঞ্জ ডিগ্রী কলেজ, ধর্মপুর আব্দুল জব্বার ডিগ্রী কলেজ, ধুবনী মহিলা কলেজ, ধুবনী ডিগ্রী কলেজ, কারিগরি মহাবিদ্যালয়, শিবরাম মোহাম্মদ হোসেন স্মৃতি স্কুল এন্ড কলেজ ও ভূরারঘাট এম ইউ সিনিয়র মাদ্রাসা। এ ব্যাপারে ইউএনও আবু রাফা মোহাম্মদ আরিফ জানান, এমপি মহোদয়ের নির্দেশের কারণে ওইসব প্রতিষ্ঠানের বিলে স্বাক্ষর করা হয়নি। এদিকে শিক্ষক-কর্মচারীরা বেতন-ভাতা না পাওয়ায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন।