মির্জাপুরে নদীতে বালু উত্তোলন করায় ৬ জনের জরিমানা

আপডেট : ০৭ মার্চ ২০১৪, ২১:৫৮
সরকারি অনুমতি ছাড়া নদীতে ভ্যেকু ও ড্রেজার বসিয়ে চুরি করে বালু উত্তোলনের সময় ৬ বালু চোরকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার টাঙ্গাইলের মির্জাপুরে এ জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা। মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আকতার চৌধুরী জানান, উপজেলার বংশাই নদীর হাঁটুভাঙ্গা, চান্দুলিয়া, গোড়াইল, চাকলেশ্বর, থলপাড়া, ফতেপুরসহ বিভিন্ন স্থানে একটি প্রভাবশালী মহল সরকারি অনুমোদন ছাড়াই অবৈধভাবে ভ্যেকু ও ড্রেজার বসিয়ে জোরপূর্বক চুরি করে বালু উত্তোলন করছে। ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। গতকাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা অভিযান চালিয়ে বংশাই নদীর চান্দুলিয়া ব্রিজের কাছে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে গোড়াই এলাকার আব্দুর রফিককে (৪৫) এক লাখ টাকা এবং আক্কাছ হোসেনকে (৩৫) এক লাখ টাকা জরিমানা করেছে। এ ছাড়া ফতেপুর ও থলপাড়া এলাকায় অভিযান চালিয়ে নুরু মিয়া (৪০) ও নবু ড্রাইভারসহ (৪৫) তিনজনকে এক লাখ ষাট হাজার টাকাসহ মোট তিন লাখ ষাট হাজার টাকা জরিমানা করেছে। এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ না হওয়া পর্যন্ত তাদের এ অভিযান চলবে।