দেশের বিভিন্ন স্থানে গত দু’দিনে ৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।
মুন্সীগঞ্জ শহরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
মুন্সীগঞ্জ শহরের পুরাতন ডাকবাংলোর পুকুর থেকে বৃহস্পতিবার দুপুরে এক যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, পুকুরে মাথার অংশটুকু ভাসতে দেখে লোকজন পুলিশে খবর দেয়। তবে লাশের পরিচয়ের পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।
আতাইকুলায় যুবকের লাশ উদ্ধার
পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলার পুলিশ বাঐকোলা মাঠের মধ্য থেকে আসাদ (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে শুক্রবার সকালে। সে বাঐকোলা গ্রামের আজমত আলীর ছেলে। পুলিশ জানায়, পূর্বশত্রুতার জের ধরে বৃহস্পতিবার রাতের যে কোন সময় তাকে উপর্যপুরি কুপিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
শাহজাদপুরে দুই গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত
শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় বাচড়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’বংশের রক্তক্ষয়ী সংঘর্ষে ১ জন নিহত ও আহত হয়েছে অন্তত ২০ জন। এ ঘটনায় ১জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বড় বাচড়া গ্রামে দীর্ঘ দিন ধরে বেপারী ও জাঙ্গর বংশের মধ্যে বিরোধ চলছিল। বৃহস্পতিবার স্থানীয় বাজারে জাঙ্গর গোষ্ঠীর লোকজন বেপারী গোষ্ঠীর লোকজনকে মারপিট করে। এরই জের ধরে শুক্রবার সকালে উভয় গোষ্ঠীর সংঘর্ষে মজিবর রহমানের পুত্র মোকবুল হোসেন (৩২) নিহত ও অন্তত ২০ জন আহত হয়।
বেড়ায় নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার
গত বৃহস্পতিবার পাবনা জেলার বেড়ার পেচাকোলা বড়াল নদীর ঘাটে সাখাওয়াত নামের এক ব্যক্তির মৃতদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করেছে বেড়া পুলিশ। সাখাওয়াত উপজেলার মানিক নগর গ্রামের বাসিন্দা। কয়েকদিন আগে নিজ এলাকায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়।
