লোহাগড়ায় খোশ মেজাজে আ’লীগ ও বিএনপি

আপডেট : ০৭ মার্চ ২০১৪, ২২:০০
১০ম জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই উপজেলা নির্বাচন নিয়ে আ’লীগ ও বিএনপির নেতা-কর্মী-সমর্থকরা খোশ মেজাজে রয়েছেন। সাধারণ ভোটারদের ব্যাপক কদর বেড়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা কর্মী-সমর্থকদের মোটর সাইকেলের বহর নিয়ে সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আ’লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও নোয়াগ্রাম ইউপি চেয়ারম্যান সৈয়দ ফয়জুর আমীর লিটু (মোটর সাইকেল), বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী উপজেলা বিএনপি’র সভাপতি ও লাহুড়িয়া ইউপি চেয়ারম্যান জি এম নজরুল ইসলাম (দোয়াত-কলম), এছাড়াও চেয়ারম্যান প্রার্থী হলেন যুবলীগ নেতা শেখ মাসুদুজ্জামান (আনারস)। দলের সিদ্ধান্ত উপেক্ষা করে চেয়ারম্যান প্রার্থী হয়ে সুবিধা করতে পারছেন না শেখ মাসুদুজ্জামান। তবে মাঝে-মধ্যে তিনি শহরে মোটর সাইকেল মহড়া দিচ্ছেন। এলাকা ঘুরে জানা গেছে, চেয়ারম্যান পদে আ’লীগের প্রার্থী সৈয়দ ফয়জুল আমীর লিটু বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী কামরুল ইসলাম ভূইয়া (তালা), আলমগীর হোসেন (জামায়াত-টিউবওয়েল), মইনুল হোসেন বিপ্লব (স্বেচ্ছাসেবকলীগ-চশমা) মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী শাহানারা শামীম লাকি (পদ্মফুল), জাহানারা বেগম (আ’লীগ-বিদ্রোহী, হাঁস), বিএনপির দলীয় প্রার্থী সালেহা বেগম (বিএনপি, কলস) । খোঁজ-খবর নিয়ে জানা গেছে, হিন্দু অধ্যুষিত লোহাগড়া আওয়ামী লীগের ভোট ব্যাংক হিসাবে পরিচিত। সবমিলিয়ে ব্যক্তি ইমেজ, জনপ্রিয়তা ও প্রভাবের কারণে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী সৈয়দ ফয়জুল আমীর লিটু, ভাইস চেয়ারম্যান পদে ব্যক্তি ইমেজ ও বিএনপি জোটের হওয়ায় জামায়াতের আলমগীর হোসেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির সালেহা বেগমের বিজয় হতে পারে বলে অভিজ্ঞমহল ধারণ করছেন। ১৫ মার্চ এই নির্বাচন অনুষ্ঠিত হবে।