বাগেরহাটে নির্বাচন নিয়ে শংকিত বিএনপি

আপডেট : ০৭ মার্চ ২০১৪, ২২:০০
আগামী ১৫ মার্চ বাগেরহাটে ৫ উপজেলায় নির্বাচন নিয়ে বিএনপি শংকিত। নির্বাচনের আগে বাগেরহাট সদর, মংলা, রামপাল, মোরেলগঞ্জ ও শরণখোলায় ৫ উপজেলায় গণসংযোগ ও প্রচার-প্রচারণায় বাধা ও দলীয় নেতাকর্মীদের উপর হামলা করা হয়েছে। বৃহস্পতিবার বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন ১৯ দলীয় জোটের আহবায়ক ও জেলা বিএনপির সভাপতি এম এ সালাম। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী রেজা বাবু, মোজাফফর রহমান আলম, খায়রুজ্জামান শিপন, মেহেবুবুল হক কিশোর , সাজ্জাদ হোসেন প্রমুখ। সংবাদ সম্মেলনে বলা হয়, জেলার ৫টি উপজেলায় নির্বাচনের আগে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের সমর্থকরা আচারণবিধি লংঘন করে প্রতিপক্ষ বিএনপি সমর্থিত প্রার্থীদের কর্মী সমর্থকদের উপর হামলা চালাচ্ছে। এ পর্যন্ত হামলায় ১৫ জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছে। অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনসহ আইন-শৃংখলা বাহিনীর প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।