মির্জাপুরে আওয়ামী লীগ বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থী চূড়ান্ত

আপডেট : ০৭ মার্চ ২০১৪, ২২:০১
নানা জল্পনা কল্পনার পর অবশেষে টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি তৃণমূল নেতাদের ভোটে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছে। আওয়ামী লীগের চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে সাবেক ছাত্রনেতা এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম মোজাহিদুল ইসলাম মনির এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে নতুন মুখ শিফা বেগম। বিএনপি চেয়ারম্যান পদে মনোনয়ন দিয়েছেন সাবেক প্রকৌশলী এবং উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি পেশাজীবী সংগঠনের নেতা মৃধা নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান পদে সাবেক ছাত্রনেতা এবং সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট আব্দুর রউফ এবং সংরক্ষিত ভাইস চেয়ারম্যান মহিলা পদে খালেদা সিদ্দিকী স্বপ্না। অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এবং সাবেক ছাত্রনেতা আবুল কাশেমকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছেন বলে দলীয় সূত্র জানিয়েছে। বৃহস্পতিবার বিএনপি’র উপজেলা সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ এবং জাতীয় পার্টির সভাপতি সাবেক ভিপি আবু আহমেদ তাদের নিজ নিজ দলের চূড়ান্ত প্রার্থীদের তালিকা ঘোষণার পর থেকেই প্রার্থীরা এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।