বেনাপোল স্থল বন্দরে সিএন্ডএফ এজেন্ট নির্বাচন ১৩ মার্চ
বেনাপোল (যশোর) সংবাদদাতা \ বেনাপোলে কাস্টম ক্লিয়ারিং এন্ড ফরওয়াডিং এজেন্ট এসোসিয়েশন-এর ত্রি-বার্ষিক নির্বাচন আগামী ১৩ মার্চ। দুটি প্যানেলের প্রার্থীরা ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে দিন-রাত প্রচারণা চালাচ্ছে। ভোট প্রার্থীদের পদচারণায় মুখরিত রয়েছে বেনাপোল বন্দরের অফিস পাড়াগুলো। দুটি প্যানেলের মধ্যে রয়েছে সজন-সবুজ প্যানেল ও শামসুর রহমান-লতা-নুরুজ্জামান প্যানেল। উভয় প্যানেলে মোট ৩৮ জন এ ভোটে অংশ গ্রহণ করছেন।
কুমিল্লায় ছাত্রলীগ নেতা গ্রেফতার
কুমিল্লা প্রতিনিধি \ কুমিল্লায় গাজী রিয়াজ মাহমুদ নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। জানা যায়, জেলার সদর উপজেলার সাতোরা এলাকায় জামায়াত-শিবিরের সাথে মারামারির ঘটনায় শিবিরের দায়ের করা একটি মামলায় আদালত ছাত্রলীগ নেতা রিয়াজ মাহমুদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। কোতয়ালী মডেল থানার ওসি মহিউদ্দিন মাহমুদ জানান, রিয়াজ মাহমুদ ওই মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ছিল। কোতয়ালী থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম রতন জানান, গ্রেফতারকৃত রিয়াজ মাহমুদ জেলার কোতয়ালী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
হোমনায় অবৈধ জাতীয় পরিচয়পত্র তৈরির দায়ে দোকানির জরিমানা
হোমনা (কুমিল্লা) সংবাদদাতা \ লোকজনকে অবৈধভাবে জাতীয় পরিচয়পত্র তৈরি করে দেয়ার অপরাধে হোমনা উপজেলার চান্দেরচর বাজারের মায়ের দোয়া টেলিকমের মালিক মো. রানা ও তার কর্মচারী আলী আহমেদকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ইউএনও এএসএম শাহেদুল ইসলাম তাদেরকে এ অর্থ দণ্ড প্রদান করেন। জানা যায়, ওই দোকানের কম্পিউটারে উপজেলার প্রায় তিন-চারশ’ লোকের জাতীয় পরিচয় পত্রের অনুলিপি রক্ষিত দেখতে পেয়ে কম্পিউটারটি জব্দ ও তাদেরকে আটক করে।
কালকিনিতে ২০ দিন ধরে বৃদ্ধা নিখোঁজ
কালকিনি (মাদারীপুর) সংবাদদাতা \ মাদারীপুরের কালকিনিতে মহিতোন বেগম (৭৫) নামে এক বৃদ্ধা গত ২০ দিন যাবত্ নিখোঁজ রয়েছে। সে উপজেলার কয়ারিয়া ইউনিয়নের পূর্বচর কয়ারিয়া গ্রামের তফেল ভুঁইয়ার স্ত্রী। এ ব্যাপারে বৃহস্পতিবার কালকিনি থানায় একটি সাধারণ ডায়ারি (নং ২১৩) করা হয়েছে। তার সন্ধান পাওয়া গেলে মোবাইল নাম্বার- ০১৭১২৬৯৯৯১২ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।
চৌদ্দগ্রামে পৌর কাউন্সিলরসহ বিএনপি জামায়াতের ৪ নেতাকর্মী গ্রেফতার
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার এক কাউন্সিলরসহ বিএনপি-জামায়াতের ৪ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ও শুক্রবার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-চৌদ্দগ্রাম পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর বিএনপি নেতা মফিজুর রহমান, জামায়াত-শিবির নেতা পৌরসভার জয়ন্তীনগরের টিপু, জগন্নাথের দক্ষিণ বেতিয়ারা মোশারফ হোসেন চৌধুরী কানন, মুন্সিরহাটে বসন্তপুর গ্রামের শরিফ উদ্দিন।
মুন্সীগঞ্জে শিক্ষকদের মানববন্ধন
মুন্সীগঞ্জ প্রতিনিধি \ বৃহস্পতিবার মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী, লৌহজং ও শ্রীনগরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরণ ও বাস্তবায়নাধীন বেতন স্কেলের সংশোধনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। উপজেলা কম্পাউন্ডে কয়েক শ’ প্রাথমিক শিক্ষক ও শিক্ষিকাগণ অংশগ্রহণ করেন।
ফরিদপুরে তাঁতী দলের সেক্রেটারিকে সংবর্ধনা
ফরিদপুর প্রতিনিধি \ সদ্য কারামুক্ত ফরিদপুর জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক মামুন অর রশীদকে সংবর্ধনা দিয়েছে তাঁতীদল ও স্থানীয় বিএনপি। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ। বৃহস্পতিবার ফরিদপুরের বিলনালিয়া স্কুল মাঠে এ সংবর্ধনার আয়োজন করা হয়। জেলা তাঁতীদলের সভাপতি মাহমুদ কলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল ইসলাম বাবুল, যুবদল কেন্দ্রীয় কমিটিরসহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক মাহাবুবুল হাসান পিংকু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এ কে এম কিবরিয়া স্বপন, জেলা ছাত্রদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরীজ, শহর যুবদলের সভাপতি রোজোয়ানুল ইসলাম রেজোয়ান, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সাহিদা বেগম।
মীর্জাগঞ্জে ইয়ার উদ্দিন খলিফার দরবারে ওয়াজ মাহফিল শুরু
মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা \ মীর্জাগঞ্জের সাধক হযরত ইয়ার উদ্দিন খলিফার (র:) দরবার ওয়াকফ্ এস্টেট আয়োজিত দু’দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল আজ শনিবার শুরু হচ্ছে। এতে সভাপতিত্ব করবেন মীর্জাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু সাঈদ মোল্লা। ওয়াজ মাহফিলে এ অঞ্চলের বিশিষ্ট রাজনৈতিক সামাজিক ব্যক্তিসহ সারা দেশের লাখো মুসল্লি অংশগ্রহণ করবেন। ইতোমধ্যে এখানে সকল নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
রাজাপুর রিপোর্টার্স ইউনিটির নির্বাচন আউয়াল সভাপতি রেজা সম্পাদক
ঝালকাঠি প্রতিনিধি \ ঝালকাঠির রাজাপুর রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে মো. আউয়াল গাজী সভাপতি ও রহিম রেজা সম্পাদক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার ইউনিটির কার্যালয়ে অনুষ্ঠিত ঐ নির্বাচনে ১৭ জন ভোটার গোপন ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচিত অন্য কর্মকর্তারা হলেন সহ-সভাপতি মঈনুল হক লিপু, আবু বকর সিদ্দিক, সহ-সম্পাদক বদরুদ্দিন তোতা মৃধা, কোষাধ্যক্ষ এনামুল হক, পাঠাগার সম্পাদক সিদ্দিক আকন, সাংগঠনিক সম্পাদক অহিদ সাইফুল। কার্যানির্বাহী সদস্য নূর হোসেন সুমন, মিজানুর রহমান পনা ও জামাল হোসেন। নির্বাচন পরিচালনা করেন বরিশাল প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক মামুনুর রশিদ নোমানী।
ছাইকোলা ইউপির মেম্বার নির্বাচিত হলেন সাহেব আলী
চাটমোহর (পাবনা) সংবাদদাতা \ চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের উপ-নির্বাচনে মেম্বার নির্বাচিত হয়েছেন মোঃ সাহেব আলী। বৃহস্পতিবার নির্বাচনে মোঃ সাহেব আলী ফুটবল প্রতীক নিয়ে ৬৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইউসুফ আলী মোরগ প্রতীক নিয়ে পেয়েছেন ৬৩৪ ভোট।
ফকিরহাটের বেতাগায় উচ্চ শিক্ষা ও সম্প্রসারণ প্রকল্পের বৃত্তি প্রদান
ফকিরহাট (বাগেরহাট) সংবাদদাতা \ বাগেরহাট জেলার ফকিরহাটে বেতাগা ইউনিয়ন উচ্চ শিক্ষা সহায়তা ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় শিল্পপতি এসএম আমজাদ হোসেন ও শিক্ষানুরাগী হূদয় রঞ্জন দাশ, এবং ডাঃ আবু তালেব এর ৩য় কিস্তির বৃত্তি প্রদান শুক্রবার বেতাগা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রকল্পের সভাপতি ও ইউপি চেয়ারম্যান স্বপন দাশের সভাপতিত্ব প্রধান অথিতি ছিলেন, শিল্পপতি ও সোস্যাল ইসলামী ব্যাংক লিঃ এর পরিচালক আব্দুল জব্বার মোল্ল্যা।
পূর্বধলা প্রেসক্লাবের কমিটি গঠন
পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা\ নেত্রকোনা পূর্বধলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন বৃহস্পতিবার প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের আহবায়ক জুলফিকার আলী শাহীনের সভাপতিত্বে সম্মেলনে শফিকুল আলম শাহীনকে (ইত্তেফাক) সভাপতি ও গোলাম মোস্তফাকে (প্রথম আলো) সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি নূর আহাম্মদ খান রতন (যুগান্তর), যুগ্ম সম্পাদক নূর উদ্দিন মন্ডল দুলাল (ভোরের ডাক), সাংগঠনিক সম্পাদক শফিকুজ্জামান শফিক (সমকাল), অর্থসম্পাদক জায়েজুল ইসলাম (যায়যায়দিন), প্রচার-প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আলী জুয়েল (বর্তমান), মাহমুদুল হাসান রতন দপ্তর সম্পাদক (আমাদের অর্থনীতি), নির্বাহী সদস্য আলী আহাম্মদ খান আইয়ুব, একে এম নজরুল ইসলাম, জুলফিকার আলী শাহীন, জাকির আহমদ খান কামাল ও শহীদুল্লাহ।
ঠাকুরগাঁওয়ে বিজিবির মতবিনিময় সভা
ঠাকুরগাঁও প্রতিনিধি \ ঠাকুরগাঁওয়ে বিজিবি সেক্টর ও ৩০ বিজিবি’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গত বৃহস্পতিবার। এ সময় বক্তব্য রাখেন ঠাকুরগাঁওয়ে বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মোস্তফা, ৩০ বিজিবি’র অধিনায়ক লে.কর্নেল কামাল, মেজর কাজী আলমগীর, সাংবাদিক সৈয়দ মেরাজুল হোসেন, মনসুর আলী, আখতার হোসেন রাজা, ফজলে ইমাম বুলবুল, বদরুল ইসলাম বিপ্লব, জাকির মোস্তাফিজ মিলু, নূর আফতাব রূপম প্রমুখ।
জুয়া খেলার অপরাধে পাঁচজনের জরিমানা
বাঘা (রাজশাহী) সংবাদদাতা \ রাজশাহীর বাঘায় জুয়া খেলার অপরাধে পাঁচজনের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তোফায়েল হোসেন এ রায় কার্যকর করেন। জানা যায়, বুধবার রাত ৯ টায় উপজেলার দিঘা বাজারে বসে জুয়া খেলছিল ওই এলাকার-কামরুল ইসলাম, জনি, আনোয়ার, এমদাদ ও নাহিদ। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানা পুলিশ তাদের আটক করে।
দোহারে ইউএনও-সাংবাদিক মতবিনিময়
দোহার (ঢাকা) সংবাদদাতা \ ঢাকার দোহার উপজেলায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরুল করিম ভূঁইয়া সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। গত বৃহস্পতিবার উপজেলা পরিষদ কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় দোহার উপজেলায় দুর্নীতি বিরোধী, পদ্মায় ভাঙন ও বালু মহলসহ সার্বিক সমস্যা নিয়ে মতবিনিময় সভায় আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া জাহান, প্রেসক্লাব সভাপতি কামরুল হাসান, সহ-সভাপতি মঞ্জুর খান, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টিপু প্রমুখ।
কাঠালিয়ায় তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু
কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা \ হাজার হাজার মুসুল¬ীর পদভারে মুখরিত হয়ে উঠেছে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার তালগাছিয়া আশ্রাফুল উলুম আশ্রাফিয়া মাদ্রাসা ময়দান। তালগাছিয়ার পীর সাহেব মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ আশ্রাফিয়ার তত্ত্বাবধায়নে এবং তাবলিগ জামাতের মূল মাকরাজ ঢাকার কাকরাইলের মুরব্বি মাওলানা ওমর ফারুক এর বয়ানের মধ্য দিয়ে গত বৃহস্পতিবার তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হবে। ইতিমধ্যেই অর্ধলক্ষাধিক মুসল্লির সমাগম ঘটেছে। ইজতেমায় প্রতিদিন ফজর থেকে মাগরিবের পর পর্যন্ত কাকরাইলের মুরব্বি মাওলানা ওমর ফারুক, মাওলানা আঃ বার ও ইঞ্জিনিয়ার সাহাবদ্দিন নাছিমসহ তাবলিগ জামাতের অনেক মুরব্বি বয়ান রাখবেন।
বাগেরহাট পৌরসভায় কেন্দ্রীয় নাগরিক ফোরাম গঠন
বাগেরহাট প্রতিনিধি \ বাগেরহাট পৌরসভায় দরিদ্র ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার ও সেবা প্রাপ্তিতে অগ্রাধিকার সৃষ্টি করার লক্ষ্যে গঠন করা হয়েছে কেন্দ্রীয় নাগরিক ফোরাম। গত বৃহস্পতিবার বিশিষ্ট আইনজীবী মো: মোজাফফর হোসেনের সভাপতিত্বে এবিষয়ের উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বাগেরহাট শহরের সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, উন্নয়ন কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশাজীবীর প্রতিনিধিত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় বিশিষ্ট আইনজীবী ও সাংবাদিক মো: মোজাফফর হোসেনকে চেয়ারপার্সন ও চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিজ-এর সাবেক সভাপতি সরদার আনসারউদ্দিনকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট বাগেরহাট পৌরসভা কেন্দ্রীয় নাগরিক ফোরাম গঠন করা হয়।
সাতক্ষীরায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশ অনুষ্ঠিত
সাতক্ষীরা প্রতিনিধি \ ‘মুক্তিযোদ্ধা দেশ ও জনগণের অতন্দ্র প্রহরী’ এই শ্লোগানকে সামনে রেখে গত বৃহস্পতিবার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গনি, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার ইনামুল হক বিশ্বাস।
কোম্পানীগঞ্জের চাপরাশিরহাটে ওয়ান ব্যাংকের শাখা উদ্বোধন
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) সংবাদদাতা \ ওয়ান ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাঈদ এইচ. চৌধুরী গত বৃহস্পতিবার সকাল ১১টায় নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশিরহাটে ব্যাংকের ৭৩তম শাখা উদ্বোধন করেন। ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোঃ শফিকুল ইসলাম ভুঞার পরিচালনায় উপস্থিত ছিলেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান জহুর উল্লাহ্, পরিচালক এ এস এম শহিদুল্লাহ্ খান, কাজী রুকুনউদ্দীন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক এম ফখরুল আলমসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পাঁচবিবিতে আদিবাসী নির্যাতনের প্রতিবাদে স্মারকলিপি
পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা \ গত বৃহস্পতিবার আদিবাসীদের উপর হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা আদিবাসী ভাষা সংস্কৃতি রক্ষা কমিটি। মানববন্ধন শেষে সংগঠনের উপজেলা শাখার সভাপতি শ্রীনাথ মাহাতোর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা সভাপতি কার্তিক চন্দ্র সিং, জেলা সম্পাদক রতন কুমার সিং, উপদেষ্টা মিজানুর রহমান নান্টু, বীর মুক্তিযোদ্ধা বুধু মন্ডা, হাসিনা মুর্মু, ববিতা মুর্মু, জোসেফ বাসকে প্রমুখ।
নন্দীগ্রামে চেয়ারম্যানের স্বর্ণপদক লাভ
নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা \ বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৪নং থালতা মাঝগ্রাম ইউপি চেয়ারম্যান আফছার আলী জেনারেল ওসমানী স্বর্ণপদক ও সম্মাননা সনদ লাভ করেছেন। স্বাধীন বাংলা সংসদ (স্বাবাস) গত ২২ ফেব্রুয়ারি সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় তাকে ওই পুরস্কার প্রদান করেন।
কালীগঞ্জে বেকার যুবকদের প্রকল্প সম্প্রসারণের জন্য ঋণ প্রদান
কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা \ গাজীপুরের কালীগঞ্জে যুব উন্নয়ন অফিসের উদ্যোগে নতুন প্রকল্প বাস্তবায়ন ও প্রকল্প সম্প্রসারণের জন্য বেকার যুবকদের মধ্যে ৫ লক্ষ টাকার চেক প্রদান করা হয়। জানা যায়, গত বৃহস্পতিবার উপজেলা নিবাহী অফিসারের কার্যালয়ে ৮ জন যুবকের মধ্যে পোল্টি ফার্ম ও মত্স্য চাষের জন্য ৫০ থেকে ৭৫ হাজার টাকা হারে মোট ৫ লক্ষ টাকার চেক প্রদান করা হয়। যুবকদের হাতে চেক তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এসএম নজরুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল আহসান তালুকদার।
