নিকটতম প্রতিদ্বন্দ্বীদের কেউ এ সপ্তাহে মাঠে নামছে না বলে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা চেলসি আজ শনিবার টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে সাত পয়েন্টের ব্যবধান গড়ে নিতে পারে।
আর্সেনাল গেল সপ্তাহে স্টোক সিটির মাঠে পরাস্ত হলে এবং ম্যানচেস্টার সিটি লিগ কাপের ফাইনালে অংশ নেয়ায় চেলসি চার পয়েন্টে এগিয়ে থাকে। কাজেই স্পার্সদের বিরুদ্ধে জিতলে কোচ হোসে মরিনহোর দল পয়েন্ট টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান আরো সংহত করবে। আর্সেনাল ও সিটি এফএ কাপ খেলবে বলে প্রিমিয়ারশিপে নামছে না। অপরদিকে আগের সপ্তাহে দ্বিতীয় স্থানে উঠে আসা লিভারপুলের এ দফায় কোন খেলা নেই।
ম্যানচেস্টার সিটি অবশ্য চেলসির তুলনায় লিগের তিন ম্যাচ কম খেলেছে। তারপরও চেলসির ফরোয়ার্ড আন্দ্রে শুরলে বলেন, তিনি এবং তার সতীর্থরা ক্রমশ তাদের শিরোপা জয়ের সক্ষমতার ব্যাপারে নিশ্চিত হয়ে উঠছেন। গত সপ্তাহে ফুলহ্যামের বিরুদ্ধে ৩-১ গোলের জয়ে হ্যাট্রিক করা জার্মান জাতীয় দলের খেলোয়াড়টি বলেন,‘আমাদের এ ব্যাপারে আত্মবিশ্বাসী হতে হবে। আমি মনে করি সবাই এখন এমনটাই মনে করে। আমরা সবাই এর জন্য কঠোর পরিশ্রম করছি। আমাদের সামনে এগিয়ে যেতে হবে, জিততে হবে যেমনটা আমরা করেছি ফুলহ্যামের মাঠে। তারপর মৌসুমের শেষে দেখবো কি ঘটে।’
কোচ হোসে মরিনহোর দল লিগে ১৩টি খেলায় অপরাজিত আছে। এর মধ্যে আছে ১০টি জয় এবং তিনটি ড্র। কিন্তু টটেনহ্যাম এমন একটি দল যাদের লক্ষ্য হলো চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করা। মরিনহোর সাবেক সহকারী কোচ আন্দ্রে ভিলাস বোয়াস বরখাস্ত হওয়ার পর দায়িত্ব নেয়া টিম শেরউডের অধীনে দলটি ভালভাবেই ঘুরে দাঁড়িয়েছে। আজ স্ট্যামফোর্ড ব্রিজে স্বাগতিকদের মোকাবিলায় সফল হলে দলটি শীর্ষ চারে থাকাদের সাথে এক পয়েন্টের নাগালে চলে আসতে পারবে। যদিও ২৩ বছর ধরে স্পার্সদের কোন দল চেলসির মাঠে জেতেনি। তবে শেরউড বিশ্বাস করেন এ খেলায় তারা ‘আন্ডারডগ’ হওয়ায় ব্যাপারটা পক্ষে যাবে।
হটস্পার কোচ শেরউড বলেন,‘ব্রিজে চেলসির সাথে খেলা, এমিরেটসে আর্সেনাল এবং অ্যানফিল্ডে লিভারপুলের মোকাবিলা আমাদের কিছুটা কম চাপে রাখে। সেজন্য আমরা অবাক করা কিছু করে দেখাতে পারি। আমরা অন্যদের এ মৌসুমে যতটা সম্ভব ঝামেলায় ফেলে নিজেদের অবস্থান পোক্ত করার চেষ্টায় আছি।’
এদিকে ম্যানচেস্টার ইউনাইটেডও অপর বড়দলগুলোর অনুপস্থিতির দিনে নিজেদের অবস্থান ভাল করার চেষ্টা চালাবে। ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নের সাথে খেলাটিতে জিততে পারলে তারা ষষ্ঠ স্থানে থাকা এভার্টনের কাতারে এসে দাঁড়াবে।
কোচ ডেভিড ময়েসের ইউনাইটেড ২৫ ফেব্রুয়ারী চ্যাম্পিয়ন্স লিগের খেলায় অলিম্পিয়াকোসের মাঠে ২-০ গোলে হেরে আসার পর এই প্রথম মাঠে নামবে। ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নদের সপ্তাহটি শুরু হবে শীর্ষ চার দলের চাইতে ১২ পয়েন্টে পিছিয়ে থেকে। স্যার অ্যালেক্স ফার্গুসন এ মাঠেই ম্যানেজার হিসেবে তার শেষ খেলায় অংশ নিয়েছিলেন। সে খেলায় ৫-৫ গোলে ড্র করেছিল ইউনাইটেড। কিন্তু সেসব এখন দূরের স্মৃতি।
তারপরও রেকর্ড অর্থে ক্লাবটিতে আসা হুয়ান মাতা মনে করেন এখনো তাদের সক্ষমতা দেখানোর সুযোগ আছে। তিনি বলেন,‘শিহরন জাগানো একটি মাস শুরু হতে যাচ্ছে। হাতে আছে পাঁচটির মতো খেলা যার মধ্যে অন্যতম হলো লিভারপুল ও ম্যানচেস্টার সিটির মতো দল। আমরা জানি পয়েন্ট টেবিলে উপরের দিকে ওঠার জন্য এটা গুরুত্বপূর্ণ মাস। সেজন্য আমরা নিজেদের সেরাটা দিতে যাচ্ছি।’
