দেশে এখন কোনো গণতন্ত্র নেই দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, দেশে এখন যে গণতন্ত্র চলছে, সেটা সীমিত আকারে এবং সরকার নিয়ন্ত্রিত। দেশে অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে। দেশের সব প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে দেশ বাঁচাতে হবে।
শুক্রবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় এ সব কথা বলেন তিনি। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের অষ্টম কারাবন্দি দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
মওদুদ বলেন, শুধু বক্তব্য দেয়ার জন্য ৭৫ বছর বয়সে আমাকে তিন মাস জেল খাটতে হয়েছে। এ দেশে বক্তব্য দেয়ার জন্য জেল খাটতে হয়। এজন্য তো ভাষা আন্দোলন করিনি, আগরতলা ষড়যন্ত্র মামলায় লড়াই করিনি, মুক্তিযুদ্ধ করিনি।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
