পিরোজপুরে পল্লী বিদ্যুতের নির্বাহী প্রকৌশলীর উপর হামলা

আপডেট : ২১ মে ২০১৯, ২২:২৯

পিরোজপুর পল্লী বিদ্যুত সমিতির সদর দফতরে সভা চলাকালীন নির্বাহী প্রকৌশলীর উপর অতর্কিত হামলা চালিয়েছে ঠিকাদার ও তার সন্ত্রাসী বাহিনী। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুরে পল্লী বিদ্যুতের নানান অনিয়ম ও দৌরাত্মের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা সভা চলছিলো। পল্লী বিদ্যুতের বরিশাল অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতিতে ঠিকাদার জসিম ওরফে জিদান তার সন্ত্রাসী বাহিনী নিয়ে নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমানের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হলে তাকে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমান জানান, মাঠ পর্যায়ে দালালদের দৌরাত্ম্য বন্ধ করতে নানান উদ্যোগ গ্রহণ করায় সন্ত্রাসীদের নিয়ে অসাধু ঠিকাদার জসিম ওরফে জিদান এ হামলা চালিয়েছে। এ ঘটনায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী মামলা করবেন বলে তিনি জানান।