চরমোনাই’র বার্ষিক ওয়াজ মাহফিল শেষ হচ্ছে আজ

আপডেট : ০৭ মার্চ ২০১৪, ২৩:০৬
আজ শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে চরমোনাই’র তিনদিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল শেষ হচ্ছে। সকাল ৮টায় পীর সাহেব আমিরুল মুজাহিদীন হযরত মাওলানা সৈয়দ রেজাউল করিম আখেরি মোনাজাত পরিচালনা করবেন। এর আগে বাদ ফজর মুসল্লিদের উদ্দেশে তিনি সর্বশেষ ওয়াজ -নছিহত করবেন। আখেরি মোনাজাতে অংশ নিতে চরমোনাইগামী লাখো মুসল্লির ঢল নেমেছে। গতকাল শুক্রবার ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ছাত্র গণজমায়েতে প্রধান অতিথির বক্তৃতায় পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেন, বর্তমানে সমাজে চলছে খুন, ধর্ষণ, রাহাজানি, লুটপাটসহ নানা অসামাজিক কার্যকলাপ। দুর্নীতিতে গোটা সমাজ ছেয়ে গেছে। এহেন পরিস্থিতিতে ইসলামী সমাজ প্রতিষ্ঠা ছাড়া মানবতার কাঙ্খিত শান্তি ও মুক্তি আসতে পারে না। ইসলামী সমাজ বিনির্মাণে ছাত্রদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ছাত্র গণজমায়েতে কেন্দ্রীয় সভাপতি মুহা. আরিফুল ইসলামের সভাপতিত্বে বক্তৃতা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-র প্রেসিডিয়ামের অন্যতম সদস্য আল্লামা নূরুল হুদা ফয়েজী, মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব অধ্যপক মাহবুবুর রহমান, সহকারি মহাসচিব গাজী আতাউর রহমান প্রমুখ। দেশের বিভিন্ন স্থানসহ বিশ্বের ২০টি দেশের ধর্মপ্রাণ মুুসল্লি ইতিমধ্যে মাহফিল ময়দানে জড়ো হয়েছেন। মাহফিলের এক বর্গকিলোমিটার এলাকার কোথাও তিল ধারণের ঠাঁই নেই। মাহফিলকে কেন্দ্র করে দুর্ঘটনা এড়াতে সড়ক ও নৌপথে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।