মোদীর দল জিতলে তার সঙ্গে কাজ করতে প্রস্তুত:যুক্তরাষ্ট্র

আপডেট : ০৭ মার্চ ২০১৪, ২৩:১৩
ভারতে আগামী লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা নরেন্দ্র মোদী বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী হলে তার সঙ্গে কাজ করতে প্রস্তত মার্কিন যুক্তরাষ্ট্র। মোদীর ওপর যুক্তরাষ্ট্র ভ্রমণে যে নিষেধাজ্ঞা সেটিও তুলে নেওয়া হবে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন সহকারি পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। গতকাল শুক্রবার ভারতের একটি টেলিভিশনের সঙ্গে সাক্ষাতকারে নিশা দেশাই একথা বলেন। খবর রয়টার্সের। ২০০২ সালে ভারতের গুজরাটে মুসলিমবিরোধী সামপ্রদায়িক দাঙ্গার পর ২০০৫ সালে মার্কিন সরকার মোদীর ওপর তার দেশে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে এবং সব ধরনের সম্পর্ক ছিন্ন করে। তবে সামনের লোকসভা নির্বাচনের আগে জনপ্রিয়তার জরিপে এগিয়ে থাকা মোদীর সঙ্গে সম্পর্কোন্নয়নের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। গত মাসে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ন্যান্সি পাওয়েল মোদীর সঙ্গে সাক্ষাত করেন। নিশা দেশাই টেলিভিশন হেডলাইনস টুডেকে বলেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত যে কোনো ব্যক্তিকে সমর্থন দিতে প্রস্তুত ওয়াশিংটন এবং তাকে স্বাগত জানানো হবে। নিশা বর্তমানে ভারত সফরে আছেন। গত বছর ভারতের কূটনীতিক দেবযানী খাবগৈড়কে ভিসা জালিয়াতির অভিযোগে নিউইয়র্কে হেনস্থা করার পর মার্কিন-ভারত সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। এই সম্পর্ক পুনরায় ঝালাই করতেই ভারতীয় বংশোদভুত নিশা দেশাইয়ের এই সফর। মোদীর রাজনৈতিক উত্থান হলে মানবাধিকারের বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো উদ্বেগ আছে কিনা এমন এক প্রশ্নের জবাবে নিশা আশা প্রকাশ করে বলেন, ভারতে যে সহনশীল, আধুনিক এবং ধর্মনিরপেক্ষ সমাজ ব্যবস্থা আছে সেটি ভবিষ্যতেও বিদ্যমান থাকবে। ধারণা করা হয়েছিল, মোদী নির্বাচনে জিতলেও ওয়াশিংটন তার ভিসায় নিষেধাজ্ঞা বহাল রাখতে পারে। তবে নিশা দেশাই মোদীর এ প্রসঙ্গে বলেন, এই বিষয়টি ধারাবাহিকভাবে হবে। নিম্নকক্ষের নির্বাচনে তাকে জয়লাভ করতে হবে। তিনি বলেন, নির্বাচনের এখনো বাকি আছে। তাই এই বিষয়টি এখনো কাল্পনিক। যদি তিনি ভারতের প্রধানমন্ত্রী হন তাহলে স্বাভাবিকভাবেই তিনি ভিসা পাবেন।