দিনাজপুর, বগুড়া ও ঝিনাইদহের মহেশপুরে বিশেষ অভিযান চালিয়ে গত ২ দিনে বিএনপি-জামায়াত-শিবিরের ৩৪ নেতা-কর্মী গ্রেফতার করেছে পুলিশ। ইত্তেফাকের রিপোর্টার, প্রতিনিধি ও সংবাদদাতার পাঠানো খবর।
স্টাফ রিপোর্টার, দিনাজপুর: বিশেষ অভিযান চালিয়ে পুলিশ গতকাল শুক্রবার ভোর পর্যন্ত জেলায় ১৯ জনকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা যায়, সহিংসতার অভিযোগে দায়ের করা মামলার পলাতক আসামি হিসেবে বিশেষ অভিযানে জেলার সদর উপজেলায় ৪ জন, বিরামপুর ও পার্বতীপুরে ৩ জন করে ৬ জন, কাহারোল, খানসামা, ঘোড়াঘাটে ২ জন করে ৬ জন এবং চিরিরবন্দর, ফুলবাড়ী ও হাকিমপুরে ১ জন করে ৩ জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে বিএনপির ২ জন, জামায়াতের ৩ জন, শিবিরের ৪ জন কর্মী এবং অন্যান্য ১০ জন রয়েছেন।
বগুড়া প্রতিনিধি:জেলা শহরের জামিলনগরে এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গতকাল শুক্রবার দুপুরে বিভিন্ন ছাত্রাবাস থেকে ছাত্র-শিবিরের ১৩ কর্মীকে গ্রেফতার করেছে সদর থানা ও জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। সদর থানার ওসি একেএম ফায়জুর রহমান বলেন, তাদের বিরুদ্ধে জেলার বিভিন্ন স্থানে হামলা, ভাংচুর ও ককটেল বিস্ফোরণসহ নাশকতার একাধিক মামলা রয়েছে।
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা:উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার রাতে বিএনপি ও জামায়াতের ২ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মহেশপুর থানার ওসি আকরাম হোসেন বলেন, বিভিন্ন নাশকতা মামলার আসামি সামন্তা গ্রামের ষাটনলপাড়ার সিরাজ কাজী (৬০) ও বোয়ালিয়া গ্রামের হাসান মণ্ডলকে (৩০) গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারগারে পাঠানো হয়েছে।
