ভারতের ঘোজাডাঙ্গায় ডিজিটাল পদ্ধতি চালুর কারণে আমদানি-রপ্তানিতে ধস নামায় দেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের সকল প্রকার কার্যক্রম বন্ধ হয়ে গেছে। সে দেশের সিএন্ডএফ এজেন্ট কর্মচারী ও কার্গোওয়েল ফেয়ার ইউনিয়ন চার দিনের ধর্মঘটের ডাক দেয়। গতকাল মঙ্গলবার সকাল থেকে বন্ধ রয়েছে বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম।
ভোমরা সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ জানান, চলতি সপ্তাহে ভারতীয় কাস্টমসের নির্দেশে ঘোজাডাঙ্গা শুল্কস্টেশনে অনলাইনে (ডিজিটাল পদ্ধতিতে) দাপ্তরিক কার্যক্রম শুরু হয়। এর ফলে ভোমরা ও ঘোজাডাঙ্গা বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম ৭০ ভাগ হ্রাস পায়। এর প্রতিবাদে ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট কর্মচারী ও কার্গোওয়েল ফেয়ার ইউনিয়ন গতকাল থেকে চার দিনের ধর্মঘটের ডাক দেয়। ধর্মঘটের প্রভাবে ভোমরা বন্দরের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা এলাকায় প্রায় আড়াই হাজার আমদানিজাত পণ্যবাহী ট্রাক আটকা পড়ে আছে বলে জানান সাধারণ ব্যবসায়ীরা ।
ভোমরা সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি রামকৃষ্ণ চক্রবর্তী জানান, ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট কর্মচারী ও কার্গোওয়েল ফেয়ার ইউনিয়নের ধর্মঘটের কারণে অচল হয়ে পড়েছে ভোমরা বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম।
