রাজধানীর কুড়িল এলাকায় গতকাল মঙ্গলবার প্রেমিকার বাসা থেকে এক প্রেমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই প্রেমিকের নাম আশিক-এ এলাহী (২০)। তারা দুজনই আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এআইইবি)র শিক্ষার্থী। এ মৃত্যুর ব্যাপারে তার প্রেমিকা ফারিয়া দাবি করেছে, আশিক আত্মহত্যা করেছে। তবে নিহতের ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিওলজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আল আমিন অভিযোগ করেন তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
আশিকের ভাই আল আমিন বলেন, গতকাল মঙ্গলবার সকালে আশিকের প্রেমিকার ফোন পেয়ে ওই বাসায় গিয়ে আশিককে মৃত অবস্থায় পাই। মেয়েটি পরিকল্পিতভাবে তার ভাইকে বাসায় ডেকে এনে পিটিয়ে হত্যা করেছে। তারা এটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে।
আশিক-ই-এলাহীর বন্ধুরা জানিয়েছে, এআইইউবির চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী ফারিয়ার সঙ্গে আশিকের সম্পর্ক ছিল। ভাটারায় ফারিয়াদের বাসায় আশিক জানালার গ্রিলের সঙ্গে বেল্ট পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে সকালে মেয়ের পরিবার থেকে জানানো হয়।
ভাটারা থানার ওসি মো. শিহাবউদ্দিন জানান, খবর পেয়ে সকাল সাড়ে ৭টায় পুলিশ ওই বাসা থেকে আশিকের লাশ উদ্ধার করে। পরে লাশটি কুর্মিটোলা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের জন্য বিকালে লাশটি ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়।
ওসি আরো বলেন, কুড়িল পূর্বপাড়া নুরুল ইসলামের বাড়ির ২য় তলায় একটি ফ্লাটে আশিকের বান্ধবী ও তার আরেক সহপাঠী ভাড়া থাকেন। ওই বাসার একটি রুমে প্যান্টের বেল্ট দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আশিক আত্মহত্যা করেছে বলে মেয়েটি জানিয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিত হতে লাশে ময়নাতদন্ত করা হচ্ছে।
