রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ২১ মে ২০১৯, ২২:৩১

আব্দুস সালাম তালুকদার

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম তালুকদার (৭৫) বার্ধক্যজনিত কারণে সোমবার মহিশ্বরণ গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি ৩ স্ত্রী, ৮ ছেলে, ২ মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার মহিশ্বরণ গ্রামে নিজ বাড়িতে মরহুমের জানাজার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

আব্দুল মতিন চৌধুরী

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা, অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল মতিন চৌধুরী (৯২) সোমবার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি পতনঊষার ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান সেলিম আহমদ চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী আতিকুর রহমান চৌধুরী ও তরিকুর রশীদ চৌধুরী শওকতের পিতা। তিনি স্ত্রী, তিন ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার দুপুরে নিজ বাড়ি সংলগ্ন মাঠে জানাজার নামাজ শেষে গ্রাম্য কবরস্থানে দাফন করা হবে।

আবুল কালাম আজাদ

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের (৬৮) দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। সোমবার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মঙ্গলবার সকালে মনোহর আলী চৌধুরী বাড়ি মসজিদ মাঠে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান করেন। এরপর জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি ২ ছেলে, ২ মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।