লোহাগড়ায় আওয়ামী লীগ বিএনপির হাড্ডাহাড্ডি লড়াই

আপডেট : ০৮ মার্চ ২০১৪, ২১:৩৮
লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। ১৫ মার্চ অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে লোহাগড়া পৌর এলাকাসহ উপজেলার সর্বত্র উত্সব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের মোটর সাইকেলের বহর নিয়ে সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। কদর বেড়েছে সাধারণ ভোটারদেরও। নির্বাচনী প্রচার-প্রচারণায় লোহাগড়ায় আ’লীগ সমর্থিত প্রার্থী সৈয়দ ফয়জুল আমীর লিটু এগিয়ে রয়েছেন। বিএনপির প্রার্থী জিএম নজরুল ইসলামও পিছিয়ে নেই। এখানে আ’লীগ ও বিএনপি’র প্রার্থীর মধ্যে শেষ পর্যন্ত হাড্ডা হাড্ডি লড়াই হবে। তবে দলের সিদ্ধান্তকে উপেক্ষা করে যুবলীগ কর্মী শেখ মাসুদুজ্জামান চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে মাঠে রয়েছে। অপরদিকে, বিএনপির উপজেলা সভাপতি জি এম নজরুল ইসলাম একক প্রার্থী। ভাইস চেয়ারম্যান পদে প্রর্থীরা হলেন, কামরুল ইসলাম ভূইয়া (আ’লীগ, তালা), আলমগীর হোসেন (জামায়াত, টিউবওয়েল), মইনুল হোসেন বিপ্লব (আ’লীগ-বিদ্রোহী, চশমা) মহিলা ভাইস চেয়ারম্যান পদে শাহানারা শামীম লাকি (আ’লীগ, পদ্মফুল), জাহানারা বেগম (আ’লীগ-বিদ্রোহী, হাঁস), সালেহা বেগম (বিএনপি, কলস)।