পাবনা মানসিক হাসপাতালে আশরাফুল ইসলাম (৪২) নামের এক মানসিক রোগীর প্রহারে জয়নাল আবেদীন (৪৫) নামে অপর এক মানসিক রোগী নিহত হয়েছেন। শনিবার সকালে এ ঘটনা ঘটে। ঘটনার সাথে জড়িত থাকায় হামলাকারী মানসিক রোগী আশরাফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে পাবনা সদর থানার ওসি কাজী হানিফুল ইসলাম জানান, নিহত ও হামলাকারী হাসপাতালের ৯ নং ওয়ার্ডে ভর্তি ছিলেন। সকাল দশটার দিকে বাথরুমে যাবার সময় উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আশরাফুল বাথরুম পরিষ্কার করার ব্রাশ ভেঙ্গে জয়নালের গলায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই জয়নাল মারা যান।
নিহত জয়নালের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। থানায় মামলা হয়েছে। নিহত জয়নাল আবেদীন নাটোরের বড়াইগ্রাম উপজেলার নাংটাদহ গ্রামের মৃত লঘু শেখের ছেলে। আর আশরাফুল ইসলাম জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বীরনগর গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে।
