বাংলাদেশে প্রথমবারের মতো ‘গ্লোবাল মানি উইক’ শুরু হচ্ছে। কাল সোমবার ড্যাফোডিল ইউনিভার্সিটির মিলনায়তনে সপ্তাহব্যাপী এ আয়োজনের উদ্বোধন করা হবে। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানানো হয়। বলা হয়, গ্লোবাল মানি উইকের মাধ্যমে যুব সমাজকে উদ্যোক্তা তৈরিতে অনুপ্রাণিত ও প্রশিক্ষিত করে গড়ে তোলা যাবে। আর্থিক ব্যবস্থাপনায় যুব সমাজকে সচেতন করে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। নেদারল্যান্ডে এই বিষয়টি প্রথম শুরু হয়েছে বলেও জানানো হয়।
আরও বলা হয়, গ্লোবাল মানি উইক হচ্ছে একটি বৈশ্বিক আর্থিক শিক্ষা এবং এটি এই বছর মার্চের দ্বিতীয় সপ্তাহে উদযাপন করা হবে। ২০১৩ সালে সারা বিশ্বের এক মিলিয়ন শিশু ও তরুণ এবং তাদের পরিবার, ৪০৩ টি প্রতিষ্ঠান, ৮১ টি দেশ এই আয়োজনের সঙ্গে ছিল। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রফেসর ড. এম জাকির হোসেন, মোটিভেশনাল স্পিকার সাবিরুল ইসলাম, মো:ইমরান হোসেন, সৈয়দ মারুফ রেজা, মো: আজিজুল হক, আনোয়ার হাবিব কাজল ও শফিকুল আলম।
