দেশের জাতীয় অ্যাথলেটিকসে রানীর আসনে নতুন মুখ। আর রাজার আসনে পুরনো মুখ। ১০০ মিটার স্প্রিন্টে পুরনো রাজা মেজবা আহমেদ আর নতুন রানী হয়েছেন শিরিন আক্তার।
অ্যাথলেটিকসের প্রথম দিনই শিরিন বলেছিলেন তিনি ১০০ মিটার স্প্রিন্টের সোনা জয় করবেন। কথা রেখেছেন বিকেএসপির এই অ্যাথলেট। গতকাল আর্মি স্টেডিয়ামে বিকালে অনুষ্ঠিত ট্র্যাকে ১১.৮৪ সেকেন্ড সময় নিয়ে রানীর আসন পেয়েছেন বিকেএসপির ছাত্রী সাতক্ষীরার মেয়ে শিরিন আক্তার। ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টে নৌবাহিনীর মেজবা আহমেদ নিজের স্থান অক্ষুণ্ন রাখলেন ১০.৫২ সেকেন্ড সময় নিয়ে।
গত আসরে মেজবা এই ইভেন্টে স্বর্ণ জয় করেছিলেন বলে এবার তার মধ্যে বেশি বাড়তি উচ্ছ্বাস নেই। তাই আর্মি স্টেডিয়ামে ফটো সেশনের সময় মুখে হাসিও দেখা গেলো না। ফটো সাংবাদিকরা স্বর্ণ জয় শিরিনকে পাশে নিয়ে ছবি তুলতে চাইলে ছবির এক পাশে শিরিনের মুখে হাসি থাকলেও অন্য পাশে ছিলেন মলিন মুখের মেজবা। বলে-কয়ে হাসাতে হলো মেজবাকে। গত আসরে বিকেএসপির হয়ে দ্রুততম মানব হয়েছিলেন মেজবা। এইচএসসি পরীক্ষা দিয়ে বেরিয়ে এসেছেন বিকেএসপি থেকে। নৌবাহিনীতে যোগ দিয়েও নিজের জায়গাটা ধরে রাখলেন তিনি। মেজবা আহমেদ দ্রুততম মানব হওয়ার পাশাপাশি ২০০ মিটার স্প্রিন্টেও স্বর্ণ জয় করেছেন। স্বর্ণ জয় করেছেন ৪ গুনতিক ১০০ মিটার রীলেতে। কথা বলতে যেয়ে এই মেজবা আবার সেই একই দাবি তুললেন। ভালো প্রশিক্ষণ চাই, ভালো প্রশিক্ষণ। উন্নত করতে হলে এবং আন্তর্জাতিক আসর থেকে পদক ছিনিয়ে আনতে হলে ভালো মানের প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।’
পুরুষদের এই লড়াইয়ে রৌপ্য পদকটিও গেছে নৌবাহিনীর কাজী শাহ ইমরানের গলায় (১০.৮০)।
সিনিয়র অ্যাথলেটদের মতো শিরিন আক্তারও একই কথা বলেছেন। আন্তর্জাতিক মিট থেকে পদক আনতে হলে প্রশিক্ষণটা খুব বেশি জরুরী। অবশ্যই সেটা হতে পারে বিদেশি কোচ বা বিদেশে প্রশিক্ষণ। দেশের কোচ আব্দুল্লাহ হেল কাফির হাতে গড়ে উঠছেন শিরিন আক্তার। ২০০ মিটার স্প্রিন্টে বিকেএসপির সাবেক ছাত্রী জাকিয়া সুলতানাকে হারিয়ে স্বর্ণ জয় করেছিলেন মিটের প্রথম দিন। শিরিনের মধ্যে দারুণ সম্ভাবনা দেখছেন সাবেক অ্যাথলেট আব্দুল্লাহ হেল কাফি। জাতীয় অ্যাথলেটিকসের জন্য নিয়মিত ক্লাস বন্ধ রেখে অনুশীলন করতে হয়েছে। শিরিন বললেন, ক’মাস বন্ধ থাকলেও আমরা রুমে ক্লাসের পড়া সেরে নিয়েছি।’
মেয়েদের ১০০ মিটার ইভেন্টের রৌপ্য পদকটিও বিকেএসপিতে গেছে। শিরিন সুলতানার কোচিংয়ে আইরিন আক্তার দৌড় শেষ করতে সময় নিয়েছেন ১২.৩৫ সেকেন্ড। আইরিন আক্তার আগের দিন শুক্রবার লং জাম্পে স্বর্ণ জয় করেন। চীনে অনূর্ধ্ব-১৮ ইয়ুথ অলিম্পিক গেমস অ্যাথলেটিকসে আইরন আক্তার সেমিফাইনালে উঠেছেন বলে জানিয়েছেন কোচ শিরিন সুলতানা।
বিকেএসপির অনেক অ্যাথলেট এখন নেই। জাকিয়া, মেজবা, রায়হান, অরেঞ্জ, রোমানারা চলে গেছেন। বর্তমানে বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) শামীমা সাত্তার মিমু জানালেন, এবার জাতীয় অ্যাথলেটিকসে আমাদের প্রতিষ্ঠানের ৬টি মেয়ে লড়াই করে ৫টি স্বর্ণ পদক জয় করেছেন। এটা আমরা আন্তর্জাতিক নারী দিবসের জন্য উত্সর্গ করছি।’
