রাশিয়াকে ২০১৪ বিশ্বকাপ থেকে নিষিদ্ধের আহ্বান

আপডেট : ০৮ মার্চ ২০১৪, ২২:৩৩
রাশিয়াকে চলতি বছরে ব্রাজিলে অনুষ্ঠেয় বিশ্বকাপে নিষিদ্ধ করার পাশাপাশি ২০১৮ সালে দেশটির বিশ্বকাপ আয়োজনের অধিকার কেড়ে নিতে ফিফার কাছে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের দুইজন সিনেটর। রাশিয়া সম্প্রতি ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপে আগ্রাসন চালানোর পর পরই ফিফার কাছে পাঠানো এক চিঠিতে এ আহ্বান জানান দুই সিনেটর ইলিনয়ের মার্ক কার্ক ও ইন্ডিয়ানা রাজ্যের ডেন কোটস। একই ধরনের কর্মকাণ্ডের জন্য যুগোস্লাভিয়াকে ১৯৯২ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপ ও ১৯৯৪ সালের বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করার ব্যাপারটি উদাহরণ হিসাবে টেনে আনেন তারা। এ ব্যাপারে সিনেটরদ্বয় বলেন, ‘যেহেতু রাশিয়াও একইভাবে ফিফা ও আন্তর্জাতিক আইনের মৌলিক নীতির প্রতি অসম্মান প্রদর্শন করছে, তাই আশা করছি আপনারাও একমত হবেন যে, তারা (রাশিয়া) বিশ্বকাপ আয়োজন ও অংশগ্রহণের সম্মান রাখার যোগ্য নয়। তাই আমরা বলব, ২০১৮ সালের বিশ্বকাপ আয়োজন নিয়ে পুনরায় ভাবা হোক’। রাশিয়া এর আগে বিশ্বকাপের পরবর্তী আসরটি সফলভাবে আয়োজন করবে বলে ফিফাকে গত অক্টোবরে নিশ্চয়তা দিয়েছিল। আমেরিকান সিনেটরদ্বয় এও জানান যে, ফিফা আইন অনুযায়ীও রাশিয়াকে বহিষ্কার করা যায়। কেননা ফিফা আইনের তিন নম্বর ধারার সাথে সাংঘর্ষিক হলে অর্থাত্ বৈষম্যমূলক আচরণের জন্য যেকোন দেশ বা ব্যক্তিকে ফিফা নিষিদ্ধ করার অধিকার রাখে। সেখানে বলা আছে, ‘কোন দেশ, ব্যক্তি অথবা জনগোষ্ঠী তাদের গোত্র, লিঙ্গ, ভাষা, ধর্ম, রাজনীতি অথবা অন্য কারণে কোন ধরনের বৈষম্যের শিকার হলে তাদেরকে কঠোরভাবে নিষিদ্ধ এবং বহিষ্কার অথবা নিষেধাজ্ঞা দিয়ে শাস্তি দেয়া হবে।’ ইংল্যান্ড, হল্যান্ড, বেলজিয়াম, স্পেন এবং পর্তুগালকে প্রতিদ্বন্দ্বিতায় পেছনে ফেলে ২০১০ সালে বিশ্বকাপ আয়োজনের সুযোগ পায় রাশিয়া। জুনে ব্রাজিলে অনুষ্ঠেয় বিশ্বকাপে রাশিয়া ‘এইচ’ গ্রুপে বেলজিয়াম, আলজেরিয়া ও দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে। তাছাড়া গ্রুপ পর্ব অতিক্রম করতে পারলে শেষ ষোলতে মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। কোচ ফ্যাবিও ক্যাপেল্লোর দল বিশ্বকাপের বাছাই পর্বে পর্তুগালকে পেছনে ফেলে গ্রুপ পর্ব থেকে ব্রাজিলে যাওয়ার যোগ্যতা অর্জন করে। পরে ইউরোপীয় প্লে অফে জিতে একই যোগ্যতা অর্জন করে পর্তুগাল।-দ্য গার্ডিয়ান