রানার গ্রুপ বাংলাদেশ অ্যামেচার গলফ টুর্নামেন্টে শিরোপা জয় করেছেন বাংলাদেশের নাজিম। কুর্মিটোলা গলফ ক্লাবে গতকাল শেষ দিনে শেষ রাউন্ডে পারের চেয়ে ৪ স্ট্রোক কম খেলে শিরোপা জয় করেন নাজিম। চার রাউন্ডে এই গলফারের ফলাফল যথাক্রমে (৭০+৭০+৭৪+৬৮=২৮২) যা সর্বেমোট পারের চেয়ে ৬ স্ট্রোক কম। রানার-আপ হয়েছেন বাংলাদেশের আরেক গলফার সজীব আলী। ভারতের ত্রিশূল চিন্নাপ্পা তৃতীয় হয়েছেন। অন্যদিকে মহিলাদের দলগত ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে থাইল্যান্ড। সুপামাস সাংগেহান ও বুদসাকাপানকে নিয়ে গড়া থাই দল ৬ স্ট্রোক কম খেলে চ্যাম্পিয়ন হয়। মিয়ানমার রানাস-আপ এবং বাংলাদেশ মহিলা বি দল তৃতীয় হয়।
গতকাল সন্ধ্যায় ঢাকা সেনানিবাসস্থ কুর্মিটোলা গলফ ক্লাবের ব্যাংকুয়েট হলে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক (অবঃ) পুরস্কার বিতরণ করেন। উপস্থিত ছিলেন গলফ ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল মিজানুর রহমান খান, ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম, টুর্নামেন্টের সাংগঠনিক কমিটির ভাইস চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল সেলিম আখতার (অবঃ), টুর্নামেন্ট ডাইরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অবঃ), ফেডারেশনের যুগ্ম-সম্পাদক কর্নেল সরদার হাসান কবির (অবঃ), রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হোসেন এবং এমডি ব্রিগেডিয়ার জেনারেল শফিকুজ্জামান (অবঃ)।
