নারীর ক্ষমতায়নে ভূমিকা রাখায় শেখ হাসিনার প্রশংসা ইউনেস্কোর

আপডেট : ০৮ মার্চ ২০১৪, ২২:৫২
নারীর ক্ষমতায়ন ও বিশেষ করে নারী শিক্ষায় ভূমিকা রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রশংসা করেছেন ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোভা। ইউনেস্কোর মহাপরিচালক প্যারিসে ইউনেস্কো সদর দপ্তরে শনিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। ইরিনা দুই বছর আগে বাংলাদেশে তার সফরের কথা স্মরণ করেন এবং নারীর ক্ষমতায়ন ও নারী শিক্ষার ক্ষেত্রে শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন। তিনি চিত্র প্রদর্শনীতে স্থান পাওয়া বাংলাদেশের নারী চিত্র শিল্পীদের কাজের ভূয়সী প্রশংসা করেন। ‘নারীদের জন্য জাতিসংঘের সহস াব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) বাস্তবায়নে চ্যালেঞ্জ ও অর্জনসমূহ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এই চিত্র প্রদর্শনীটি অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশসহ ৮টি দেশের নারী চিত্র শিল্পীদের চিত্রকর্ম প্রদর্শনীতে স্থান লাভ করেছে। এশিয়া প্যাসিফিক এলাকার শিল্পীদের মধ্যে বাংলাদেশের বিশিষ্ট নারী চিত্র শিল্পী রোকেয়া সুলতানা ও কনক চাপা চাকমার ১১টি চিত্রকর্ম প্রদর্শনীতে স্থান লাভ করেছে।