চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিভিন্ন অভিযোগে বন্ধ হওয়া ভোটকেন্দ্রগুলোতে আগামীকাল সোমবার ভোট অনুষ্ঠিত হবে। গত বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য ইসির সহকারী সচিব মো. আশফাকুর রহমান স্বাক্ষরিত চিঠি সংশ্লিষ্ট জেলা প্রশাসক বরাবর পাঠানো হয়। চিঠিতে সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার একটি, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ছয়টি, কুমিল্লা জেলার লাকসাম উপজেলার দুইটি, বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার একটি, জামালপুর জেলার মেলান্দহ উপজেলার দুইটি এবং বকশিগঞ্জ উপজেলার একটি কেন্দ্রে পুনঃভোটগ্রহণের কথা বলা হয়েছে। এ ব্যাপারে তাড়াশ উপজেলায় একজন, ফরিদগঞ্জ উপজেলায় তিনজন, লাকসাম উপজেলায় দুইজন, ফকিরহাট উপজেলায় একজন, মেলান্দহ উপজেলায় দুইজন এবং বকশিগঞ্জ উপজেলায় একজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য সিরাজগঞ্জ, চাঁদপুর, কুমিল্লা, বাগেরহাট, জামালপুর জেলার জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছে ইসি।
এছাড়া ইসি পাঁচ পৌরসভার কাউন্সিলর পদে আগামী ২৩ মার্চের মধ্যে উপ-নির্বাচন অনুষ্ঠানে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসারকে নির্দেশ দিয়েছে। গত বৃহস্পতিবার ইসির সিনিয়র সহকারী সচিব ফরহাদ হোসেন স্বাক্ষরিত একটি চিঠিতে এ নির্দেশ দেয়া হয়। চিঠিতে ঢাকা জেলার সাভার পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর, সাতক্ষীরা জেলার সদর পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর, ময়মনসিংহের ফুলপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর, দিনাজপুর জেলার পার্বতীপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর ও কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে উপ-নির্বাচনের জন্য বলা হয়েছে।
উল্লেখ্য, ইসি ঘোষিত তফসিল অনুযায়ী তৃতীয় দফায় ৮৩ উপজেলায় ভোটগ্রহণ হবে ১৫ মার্চ, চতুর্থ ধাপে ৯২ উপজেলায় ভোটগ্রহণ হবে ২৩ মার্চ ও পঞ্চম ধাপের ৭৪ উপজেলায় ভোটগ্রহণ হবে ৩১ মার্চ।
