কংগ্রেসের ইশতেহারে প্রাধান্য পাবে অর্থনৈতিক উন্নয়ন

আপডেট : ০৮ মার্চ ২০১৪, ২২:৫৪
লোকসভা নির্বাচনে ভারতের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল ক্ষমতাসীন কংগ্রেসের নির্বাচনী ইশতেহারে প্রাধান্য পাচ্ছে অর্থনৈতিক উন্নয়ন। দেশের অর্থনীতিকে শক্তিশালীকরণ এবং ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জনে বিভিন্ন পদক্ষেপ ও কর্মসূচির বিবরণই তুলে ধরা হবে নির্বাচনী ইশতেহারে। টানা দুই মেয়াদে ক্ষমতায় থাকার পর কংগ্রেস বুঝতে পেরেছে ভারতীয় ভোটারদের আশ্বস্ত করতে পারে এই অর্থনৈতিক উন্নয়নের প্রতিশ্রুতি। কংগ্রেস বলতে চায়, কেবল তাদের সরকারই উচ্চ অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে পারে। একই সাথে এই উন্নয়নে গরিবরা যাতে সুফল পায় সে ব্যাপারটিও নিশ্চিত করতে চায় কংগ্রেস। কংগ্রেসের ইশতেহার কমিটির একজন সদস্য বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ৮ শতাংশ না হলে সামাজিক খাত ও কল্যাণমূলক কর্মকাণ্ডে প্রচুর পরিমাণে ব্যয় করা সম্ভব নয়। বিশ্ব অর্থনৈতিক মন্দার পর সঠিক পথেই এগোচ্ছে ভারতের অর্থনীতি। গত ১০ বছরের উন্নয়ন ও অর্জনকে পুঁজি করে আসন্ন নির্বাচনে লড়তে চায় কংগ্রেস। অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির পেশ করা দাবি-দাওয়া অনুসারে ইশতেহারের একটি খসড়া তৈরি করেছে দলটি। এই ইশতেহার চূড়ান্ত করে খুব শিগগিরই প্রকাশ করা হবে। প্রথমবারের মতো কংগ্রেস তাদের খসড়া ইশতেহারে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে অনেকগুলো প্রতিশ্রুতির কথা উল্লেখ করেছে। এতে বলা হচ্ছে, ভারতের অর্থনীতিকে শক্তিশালী করার ক্ষেত্রে কয়লা একটি গুরুত্বপূর্ণ উপাদান। কয়লা খাতকে এগিয়ে নিতে নীতি গ্রহণ করা হবে এবং অভ্যন্তরীণ যোগান সর্বোচ্চ পর্যায়ে বৃদ্ধি করা হবে। গ্যাস খাতেও ব্যবসাবান্ধব প্রতিশ্রুতি দিচ্ছে কংগ্রেস। কৃষকদের প্রতিও বিশেষভাবে নজর দেবে কংগ্রেস। তারা কৃষিভিত্তিক প্রতিষ্ঠান গড়ে তুলবে যাতে করে কৃষকদের বিনিয়োগ ও দর কষাকষির ক্ষমতা বাড়বে। সার্বজনীন স্বাস্থ্যসেবা বৃদ্ধিরও প্রতিশ্রুতি থাকছে কংগ্রেসের ইশতেহারে। শিক্ষাক্ষেত্রে নানা সুযোগ বৃদ্ধিতে জোর দিতে চায় তারা।