সান্ধ্যকোর্স বাতিলের দাবিতে আন্দোলনের নয়া কর্মসূচি

আপডেট : ০৮ মার্চ ২০১৪, ২২:৫৪
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অনুষদে চালু সান্ধ্য কোর্স (স্নাতকোত্তর) বাতিলের দাবিতে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীবৃন্দ নতুন কর্মসূচি ঘোষণা করেছে। গতকাল শনিবার রাজশাহী প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ ও দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কালো ব্যাজ ধারণ ও বাণিজ্যিকিকরণ বিরোধী শপথ বাক্য পাঠ কর্মসূচি ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলমগীর হোসেন সুজন। তিনি বলেন, সান্ধ্যকোর্স একটি সাময়িক সনদ মাত্র। কোর্সের নামে সনদ বিক্রিই এখানে প্রধান লক্ষ্য। বিশ্ববিদ্যালয় প্রশাসনের অভ্যন্তরীণ ঘাটতি পুষিয়ে নিতে বিভিন্ন অজুহাতে আয় বাড়ানো যৌক্তিক কারণ হতে পারে না। বাণিজ্যিক সান্ধ্যকোর্স বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে সুজন বলেন, গত ২ ফেব্রুয়ারি তাদের আন্দোলনের সময় ছাত্রলীগ ও পুলিশ যে হামলা চালিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সাধারণ শিক্ষার্থীদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আগামী ১০ মার্চ কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করা হবে। পরের দিন ১১ মার্চ বাণিজ্যিক সান্ধ্যকোর্স বিরোধী শপথ বাক্য পাঠ করা হবে। এদিকে দীর্ঘ ৩৬ দিন পর আজ রবিবার থেকে বিশ্ববিদ্যালয়ে আবাসিক হল খুলছে। আগামীকাল সোমবার থেকে সকল ক্লাস ও পরীক্ষা শুরু হবে। ক্যাম্পাসে অবস্থানকালে শিক্ষার্থীদেরকে পরিচয় পত্র সার্বক্ষণিক সাথে রাখার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছে।