ভারতে কয়েকদিন আগে আদালতের ভেতরে সাহারা গোষ্ঠীর প্রধান সুব্রত সাহারার মুখে কালি দিয়েছিলেন এক আইনজীবী। সেই আইনজীবীকে জেলেও পাঠানো হয়। এ নিয়ে নানা সমালোচনাও হয়। কিন্তু সেই কাহিনী নিয়ে আলোচনা শেষ না হতেই এবার দেশটির আম আদমি পার্টির নেতার মুখে কালি ছুঁড়ে মারা হলো। দিল্লিতে নারীদের এক অনুষ্ঠানে গতকাল শনিবার এই কান্ড ঘটে।
যোগেন্দ্র মাদব আম আদমি পার্টির (এএপি) জ্যেষ্ঠ নেতা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দিল্লির জন্তর মন্তরে এক অনুষ্ঠানের আয়োজন করে এএপি। সাগর ভান্ডারি নামের ওই যুবক পেছন দিয়ে এসে যোগ্রেন্দ্রের মুখে কালি ছিটিয়ে দেয়। এসময় তার গায়ে এএপির ব্যাজ এবং টুপি ছিল। এরপর সাগরের ওপর আক্রমণ করতে যায় দলটির অন্যান্য কর্মীরা। সাগর দলটির দিল্লির অফিসে কাজ করে বলে জানা গেছে। যোগেন্দ্র জানিয়েছেন, তিনি জানেন না কেন তার ওপর ওই ছেলেটি কালি ছুঁড়ে মারলো। তবে কালি ছোঁড়ার সময় সে বলছিল, ভারত মাতা কি জয়। তিনি বলেন, আপনি যখন উপরের দিকে উঠতে চেষ্টা করবেন তখন এরকম কিছু ঘটতেই পারে। এ নিয়ে আমি কিছু মনে করছি না। আর এএপি নেতা অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, সত্যের পথে অগ্রসর হলে এরকম কিছু ঘটনা ঘটবেই। সামনে শক্ত বাধা থাকবে যা স্বাভাবিক। -এনডিটিভি
