পুলিশের বাধার মুখে গতকাল শনিবার পণ্ড হয়ে যায় মহিলা দলের আন্তর্জাতিক নারী দিবসের শোভাযাত্রা। পুলিশী বাধার প্রতিবাদে আগামীকাল সোমবার সারাদেশে কালো পতাকা মিছিল করবে সংগঠনটি। সকল জেলা ও ঢাকা মহানগরের সব থানায় এ মিছিল হবে। শনিবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা এ কর্মসূচি ঘোষণা করেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, মহিলা দল আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নয়াপল্টন পার্টি অফিসের সামনে থেকে প্রেস ক্লাব অভিমুখে শোভাযাত্রা করতে চেয়েছিল। তারা পুলিশের কাছে অনুমতিও চায়; কিন্তু পুলিশ অনুমতি না দিয়ে বাধা দিয়েছে। তিনি এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান।
সকাল ১০টার দিকে নয়াপল্টনের কার্যালয় থেকে মহিলা দলের পক্ষ থেকে শোভাযাত্রা বের করার সঙ্গে সঙ্গে পুলিশ তাদের ঘিরে ফেলে। পুলিশের বাধায় নেতা-কর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে পড়েন। এ ব্যাপারে মতিঝিল জোনের এডিসি আসাদুজ্জামান জানান, পুলিশের পক্ষ থেকে বাধা দেয়া হয়নি। শোভাযাত্রার বিষয়ে পুলিশের মতিঝিল বিভাগ অবগত নয়। মহিলা দল বা বিএনপি শোভাযাত্রার অনুমতি বিষয়ে পুলিশকে কোন অনুমতিপত্র দেখাতে পারেনি।
