‘শিক্ষা জীবনের মূল, ঝরে পড়া বিরাট ভুল’ এই স্লোগানকে সামনে রেখে আজ শুরু হচ্ছে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৪। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই শিক্ষা সপ্তাহের আয়োজন করছে। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ সপ্তাহের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
এ উপলক্ষে পৃথক পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি তার বাণীতে বলেছেন, তথ্যপ্রযুক্তি নির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার ঘোষিত ‘রূপকল্প ২০২১’ বাস্তবায়নে সুশিক্ষিত, দক্ষ ও কারিগরি জ্ঞানসম্পন্ন কর্মমুখী দক্ষ জনশক্তি প্রয়োজন।
তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সকলের সম্মিলিত এবং সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এ রূপকল্পের আওতায় ২০১৪ সালের মধ্যে বিদ্যালয় গমনোপযোগী সকল শিশুকে বিদ্যালয়ে ভর্তি এবং নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়ার যে প্রত্যয় ব্যক্ত করা হয়েছে সেই লক্ষ্যমাত্রায় পৌঁছানো সম্ভব।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেছেন, তথ্যপ্রযুক্তি নির্ভর আধুনিক জাতি গঠনের পাশাপাশি দেশের সুষম ও টেকসই উন্নয়ন ত্বরান্বিত করতে আমাদের সুশিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী প্রয়োজন।
উদ্বোধনী অনুষ্ঠানে ২০১২ এবং ২০১৩ সালের প্রাথমিক শিক্ষা পদক এবং প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার সেরা উপজেলা, জেলা এবং বিভাগের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।
