রাজশাহী সীমান্তে দুই বিজিবি সদস্যকে ফেরত দিয়েছে বিএসএফ

আপডেট : ০৮ মার্চ ২০১৪, ২২:৫৭
চাঁপাইনবাবগঞ্জের চর আলাতুলি ইউনিয়নের বকচর সীমান্ত থেকে বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) দুই সদস্যকে আটকের ১৪ ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী- বিএসএফ। শুক্রবার রাতে তাদের আটক করেছিলো বিএসফ। গতকাল শনিবার সকালে বিএসএফ বিজিবির কাছে তাদেরকে ফেরত দেয়। স্থানীয়রা জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সীমান্তের ৩৭ নম্বর মেইন পিলারের ৮-৯ নম্বর সাব-পিলারের কাছ থেকে বিজিবির সদস্য আজাদ আলী আজাদ ও ইয়াদ আলীকে বিএসএফের খান্দুয়া ক্যাম্প সদস্যরা আটক করে নিয়ে যায়। এ নিয়ে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকও অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিজিবির কাছে তাদের হস্তান্তর করা হয়। এদিকে রাজশাহী ৩৭-বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাজিম খান জানান, বিএসএফ বিজিবি সদস্যদের আটক করেনি। তারা পথ ভুল করে ভারতের সীমান্তে ঢুকে পড়েছিলো। তাদের নিরাপত্তা নিশ্চিত করে বিএসএফ তাদেরকে ক্যাম্পে রেখেছিলো। শিবগঞ্জ সীমান্তে বাংলাদেশি কৃষক আটক শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা জানান শিবগঞ্জ সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় উপজেলার পাকা ইউনিয়নের চর পাকা গ্রামের মোহাম্মদ এসলামের ছেলে মোহাম্মদ জোহরুল হক (৩৫) ওহেদপুর সীমান্ত এলাকায় ঘাষ কাটতে কাটতে ভুল ক্রমে ভারতের মধ্যে প্রবেশ করলে ভারতের চাঁদনী চক ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। বিজিবির ওহেদপুর বিওপির কমান্ডার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি আমরাও শুনেছি এবং চেষ্টা করছি বিএসএফ সদস্যদের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের।