হঠকারিতার পথ ছেড়ে পরবর্তী নির্বাচনের জন্য প্রস্তুতি নিন

আপডেট : ০৮ মার্চ ২০১৪, ২২:৫৮
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি নেত্রী খালেদা জিয়া মস্তবড় ভুল করেছেন। এই ভুলের খেসারত দিতে তাকে ৫ বছর অপেক্ষা করতে হবে। গতকাল শনিবার সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩০ শয্যা থেকে ৫০ শয্যা উন্নীতকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এবং জেলা প্রশাসকের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা আইন-শৃংখলা কমিটির সভায় স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, আওয়ামী লীগকে জনগণ ৫ বছরের জন্য দেশ পরিচালনার ম্যান্ডেট দিয়েছে। তিনি বিএনপিকে হঠকারিতার পথ ত্যাগ করে এ ৫ বছরে দল গুছিয়ে পরবর্তী সংসদ নির্বাচনে দেশবাসীর ম্যান্ডেট নেবার জন্য ধৈর্য ধারনের আহ্বান জানান। মোহাম্মদ নাসিম বলেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পরই দেশবাসীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বৈপ্লবিক পদক্ষেপ নিয়েছে। সিরাজগঞ্জসহ দেশের ৫টি জেলায় সরকারি মেডিক্যাল কলেজ স্থাপন করে চিকিত্সা শিক্ষাকে দরিদ্র ও মেধাবীদের নাগালে আনার ব্যবস্থা করা হচ্ছে। তিনি সকল অপপ্রচার প্রত্যাখ্যান করে বর্তমান সরকারের উন্নয়ন কাজে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. মাঈন উদ্দিন মিয়া। সভায় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আহমেদুল কবির ছাড়াও জেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক সরকার বকুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী প্রমুখ উপস্থিত ছিলেন। অন্যদিকে আইন-শৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বিল্লাল হোসেন। সভায় সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন, জেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক কেএম হোসেন আলী হাসানসহ জেলা পর্যায়ের বিভিন্ন দফতরের শীর্ষ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।