তীব্র শীতের মাঝে টিকে থাকার মতো সক্ষমতা আছে বলেই পেঙ্গুইনরা দক্ষিণ মেরুর প্রতিকূল পরিবেশেও দিব্যি বেঁচে থাকতে পারে। আর তাই পেঙ্গুইনদের শীতের কবল থেকে বাঁচাতে কোনো সংগঠন যদি স্বেচ্ছাসেবকদের কাছ থেকে সোয়েটার বা উলের তৈরি শীতবস্ত্র আহ্বান করে তবে আপাতদৃষ্টিতে সেটি অনেকের কাছেই ‘ব্যাঙের সর্দি’র মতো শোনাতে পারে। যদিও পরিবেশ দূষণ আর বিপন্ন প্রাকৃতিক পরিবেশের কারণে এবার কিন্তু ব্যতিক্রমী এই আহ্বান নিয়েই মাঠে নামতে হয়েছে ফিলিপ আইল্যান্ডের পেঙ্গুইন ফাউন্ডেশন নামের একটি সংগঠনকে। অস্ট্রেলিয়া ভিত্তিক এই প্রাণী সংরক্ষণ সংগঠনটি জানিয়েছে, মাছ ধরা নৌকা বা অন্যান্য উত্স থেকে দক্ষিণ মেরুর পানির মাঝে ছড়িয়ে পড়া তেলের কারণে নানা ধরনের ক্ষতির শিকার হচ্ছে পেঙ্গুইনেরা। বিশেষ করে এটি তাদের ত্বকে সংক্রমণের সৃষ্টি করছে যা পক্ষান্তরে কমিয়ে দিচ্ছে পেঙ্গুইনগুলোর শীত মোকাবেলার ক্ষমতাও। এ ছাড়া আক্রান্ত স্থান ক্রমাগত ঠোঁট দিয়ে পরিষ্কার করতে চাওয়ার কারণেও নানা ধরনের জটিলতার মুখোমুখি হচ্ছে পেঙ্গুইনগুলো। এসব কারণেই ‘নিটস ফর ন্যাচার’ নামের একটি উদ্যোগের অংশ হিসেবে গেল ক’বছরে প্রায় শ’তিনেক ডিজাইনের বিশেষ ধরনের জাম্পার বা শীতবস্ত্র তৈরি করেছে পেঙ্গুইন ফাউন্ডেশন। একই সাথে তারা এগিয়ে আসার আহ্বান জানিয়েছে শৌখিন উল বুনিয়ে আর শীতবস্ত্র দান করতে চাওয়া ব্যক্তিদেরকেও। সংস্থাটি জানিয়েছে, এভাবে আক্রান্ত সকল পেঙ্গুইনের কাছে শীতবস্ত্র পৌঁছে দেওয়ার মাধ্যমে সেগুলোকে শীতে উষ্ণ থাকতে এবং সংক্রমণ ছড়িয়ে পড়া থেকে বাঁচতে সাহায্য করছেন তারা। এ ছাড়া পেঙ্গুইনদের জন্য এভাবে শীতবস্ত্র বানানোর মাধ্যমে আগ্রহীরা নিজেদের লুকিয়ে থাকা সৃষ্টিশীলতার বহিঃপ্রকাশও ঘটাতে পারেন বলে জানিয়েছেন লিন ব্লম নামে সংস্থাটির একজন কর্মী।
