বাংলাদেশ ঘুরে গেল আমেরিকার তিন নারী লোকসঙ্গীত শিল্পী। এরা হলেন লরা করটিস, ম্যারিয়েল ভেনডেসটিল এবং ভেলারি থমসন। ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভের লোক সঙ্গীত চর্চা ও সংস্কৃতি বিষয়ক কর্মশালায় অতিথি হয়ে এসেছিলেন এই তিন নারী লোকসঙ্গীত শিল্পী। বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ ও আমেরিকান সেন্টার যৌথভাবে কর্মশালার আয়োজন করে। মার্কিন যুক্তরাষ্ট্রের লোকসঙ্গীত দল ‘লুরা করটিস এন্ড দি ড্যান্স কার্ড, ইউডার শিক্ষক, শিক্ষার্থীরা কর্মশালায় অংশগ্রহণ করেছে।
কর্মশালায় বক্তারা বাংলাদেশের লোকসঙ্গীতের বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরেন। এছাড়া ভাওয়াইয়া, ভাটিয়ালী, লালন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক গান পরিবেশন করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের লোকসঙ্গীত দল ‘লুরা করটিস এন্ড দি ড্যান্স কার্ড’ আমেরিকান বিভিন্ন লোকসঙ্গীত পরিবেশন করেন। কর্মশালায় আমেরিকা এবং বাংলাদেশের লোকসঙ্গীতের তুলনামূলক একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। এসময় বক্তারা বলেন, দুই দেশের লোকসঙ্গীতের মধ্যে মিল রয়েছে। উভয় দেশের লোকসংগীতের মূল ধারা মাটি ও মানুষ এবং মানুষের সুখ, দুঃখ ও আনন্দ-বেদনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউডার প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রফেসর মুজিব খান, ডালিয়া নাহিদ খান, ড. এমাজউদ্দীন আহমদ, ড. মোহাম্মদ রহমতুল্লাহ প্রমুখ।
