ময়মনসিংহের ত্রিশালে এবছর আবহাওয়া অনুকূলে থাকায় উপজেলার সর্বত্রই আমগাছে মুকুল এসে গেছে। ফলে এ মৌসুমে আমের বাম্পার ফলনের আশা করছেন এলাকার লোকজন।
উপজেলার মঠবাড়ী ইউনিয়নের ইজারাবন্দ গ্রামের আম চাষি কামাল হোসেন জানান,আমার বাড়ির পাশে ২ কাঠা জমিতে আমের বাগান রয়েছে। বাগানে ছোট-বড় মিলিয়ে ২৫/৩০ টি আম গাছ আছে এবার গাছ গুলোতে অন্যবারের তুলনায় দিগুণ মুকুল ফুটেছে । এবার যেভাবে গাছে মুকুল ফুটেছে যদি ভালভাবে আম জন্মাতে পারে আর আমগুলো যদি মোটামুটি বড় হওয়ার আগ পর্যন্ত বৈরী আবহাওয়ায় না পড়ে তাহলে হাজার
হাজার টাকার আম বিক্রি করতে পারবো। রায়মনি গ্রামের রশিদ কৃষি খামারের তত্ত্বাবধায়ক মনিরুল ইসলাম জানান,তাদের খামারের ভিতরে ৪শতাধিক গাছের সবগুলো মুকুলে ছেয়ে গেছে।
ধানীখোলা গ্রামের আম চাষি কবীর জানান, তার ছোট-বড় মিলিয়ে ৩টি আম বাগানে ও বাড়ির আশপাশের সব আম গাছই এবার মুকুলে পরিপূর্ণ হয়ে গেছে।
উপজেলা কৃষি অফিস জানায়, আবহাওয়া অনুকূলে থাকায় এবং পোকা মাকড়ের প্রাদুর্ভাব কম থাকায় এখন পর্যন্ত মুকুলের কোন ক্ষতি হয়নি। এভাবে আবহাওয়া ভাল থাকলে এবার আমের বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা আছে।
