আক্কেলপুরে জমে উঠেছে প্রচারণা

আপডেট : ০৯ মার্চ ২০১৪, ২১:২৫
জয়পুরহাটের আক্কেলপুরে জমে উঠেছে উপজেলা পরিষদের নির্বাচনী প্রচারণা। পোস্টার ও ব্যানার লাগানোর প্রতিযোগিতায় নেমেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী-সমর্থকরা। ইতোমধ্যে পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে উপজেলা সদরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার ও মোড়। সমান তালে চলছে গণসংযোগ ও মাইকে প্রচারণা। জানা গেছে, ১৫ মার্চের নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মাহফুজ চৌধুরী (ঘোড়া), পৌর বিএনপি’র সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র কামরুজ্জামান কমল (মোটরসাইকেল), স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযুদ্ধা অধ্যাপক নুরনবী (আনারস) প্রতীকে প্রতিদ্বন্দ্ব্বিতা করছেন। ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি সদস্য এনামুল হক (চশমা), আওয়ামী লীগের বিদ্রোহী আব্দুল হামিদ মন্ডল (উড়োজাহাজ), বিএনপি নেতা আব্দুল ওয়াদুদ সিপার (মাইক), বিএনপির বিদ্রোহী রফিকুল ইসলাম চপল (তালা), বিএনপি’র বিদ্রোহী নুর মোহাম্মদ মন্ডল (বৈদ্যুতিক বাল্ব), উপজেলা জামায়াতের আমির রাশেদুল ইসলাম সবুজ (টিউবওয়েল) প্রতীকে এবং নারী ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের আছিয়া খানম সম্পা (প্রজাপতি), বিএনপি সমর্থিত শাহিনা আক্তার আলতো (পদ্মফুল), বিএনপি’র বিদ্রোহী প্রার্থী রওশন আরা বুলবুলি (কলস) স্বতন্ত্র প্রার্থী নাছিমা আক্তার রোজি (বৈদ্যুতিক পাখা) প্রতীকে নির্বাচনী মাঠ চষে বেড়াতে শুরু করেছেন।