বিসিএল

শুভর সেঞ্চুরি এবাদতের ছয় উইকেট

আপডেট : ২৮ নভেম্বর ২০১৮, ২২:০৪

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ডের প্রথম দিন শেষে ভালো অবস্থানে আছে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল ও বিসিবি উত্তরাঞ্চল। প্রথম দিন শেষে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের বিপক্ষে চার উইকেট হারিয়ে ৩১৪ রান করেছে পূর্বাঞ্চল। অন্যদিকে, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ওয়াল্টন মধ্যাঞ্চলকে প্রথম ইনিংসে ২২০ রানে অল আউট করেছে উত্তরাঞ্চল। দিনের খেলা শেষ হওয়ার আগে মাত্র এক উইকেট হারিয়েই ৭২ রান তুলে ফেলেছে উত্তরাঞ্চল।

রাজশাহীতে গতকাল সকালে টস হেরে ব্যাট করতে নামে পূর্বাঞ্চল। শামসুর রহমানের অনবদ্য ১৫৩ ও রনি তালুকদারের ৫৩ রানে ভর করে ৯০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩১৪ রান তুলে প্রথম দিন শেষ করেছে ইস্ট জোন। ক্রিজে আছেন তাসামুল হক (৪৭) ও ইয়াসির আলী (২৬)।

উদ্বোধনী জুটিতে শামসুর রহমান ও রনি তালুকদার ৯২ রানের জুটি গড়েন। এই রানের মাথায় আব্দুর রাজ্জাকের বলে বোল্ড হয়ে ফিরে যান রনি। ৭৮ বল খেলে ৭ চার ও ১ ছক্কায় ৫৩ রান করেন তিনি। ১৫৭ রানের মাথায় মাহমুদুল হাসানের উইকেট হারায় ইস্ট জোন। তিনি ২১ রান করে আব্দুর রাজ্জাকের বলে বিভ্রান্ত হয়ে এলবিডব্লিউর ফাঁদে পড়েন। ১৬৭ রানে আব্দুর রাজ্জাক তার তৃতীয় শিকারে পরিণত করেন জাকির হাসানকে। ব্যক্তিগত ১ রানে উইকেটের পেছনে নুরুল হাসান সোহানের হাতে ক্যাচ দেন তিনি।

৯৮ রান নিয়ে চা বিরতিতে যাওয়া শামসুর রহমান ফিরে এসেই তুলে নেন সেঞ্চুরি। ১৬৭ বল খেলে ১২টি চার ও ১ ছক্কায় প্রথম শ্রেণির ক্যারিয়ারের ১৬তম সেঞ্চুরির স্বাদ নেন তিনি। চতুর্থ উইকেটে তাসামুল হককে সঙ্গে নিয়ে ৯৯ রানের জুটি গড়েন শামসুর। দলীয় ২৬৬ রানের মাথায় বিপজ্জনক শামসুর রহমানকে ফেরান ফজলে মাহমুদ। ব্যক্তিগত ১৫৩ রানে উইকেটের পেছনে নুরুল হাসান সোহানকে ক্যাচ দেন তিনি। ২২৮ বল খেলে, ৩২৩ মিনিট ক্রিজে থেকে ১৭টি চার ও ২ ছক্কায় এই রান করে যান শামসুর।

বগুড়ায় মধ্যাঞ্চলের ব্যাটিং লাইন আপে সবথেকে বড় ধাক্কাটি দেন পেসার ইবাদত হোসেন। ডানহাতি পেসার ৫১ রানেই নেন ৬ উইকেট। এছাড়া জিয়াউর রহমান দুটি এবং মোহর শেখ ১ উইকেট পেয়েছেন। স্পিনার সানজামুলের পকেটে গেছে ১ উইকেট। মধ্যাঞ্চলের হয়ে সর্বোচ্চ ৭৬ রান করেন আব্দুল মজিদ। এছাড়া শুভাগত হোম ৪৮ ও মোশাররফ হোসেন রুবেল ৩৪ রান করেন। এরপরও দলের স্কোরটা ২২০ এর বেশি এগোতে পারেনি। দুই ওপেনার লিটন দাস (৩) ও নাজমুল হোসেন শান্ত (১০) ব্যর্থ হয়েছেন।

জবাব দিতে নেমে উত্তরাঞ্চল ৭২ রান তুলেছে। হারিয়েছে কেবল ওপেনার জুনায়েদ সিদ্দিকীর উইকেট। আরেক ওপেনার মিজানুর রহমান ৩৪ রান করে অপরাজিত আছেন। তার সঙ্গী ফরহাদ হোসেনের সংগ্রহ ৩১ রান।