মধুখালিতে প্রাচীন বটগাছ কাটা নিয়ে সংঘর্ষ ১০ জন আহত

আপডেট : ০৯ মার্চ ২০১৪, ২২:৪৮
ফরিদপুরের মধুখালী উপজেলার ঘোপঘাট এলাকায় প্রায় ২শ বছরের প্রাচীন একটি বটগাছ কাটা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা জানান, উপজেলার ঘোপঘাট ঈদগাহ মাঠের সংস্কারের জন্য ঈদগাহ কমিটির সভাপতি মুরাদ হোসেন মিয়া প্রায় প্রাচীন একটি বট গাছ কাটার প্রস্তুতি নেয়। বিষয়টি জানতে পেরে গ্রামের আকরাম হোসেন গাছটি না কাটার জন্য জেলা প্রশাসক, বন বিভাগসহ বিভিন্ন দপ্তরে লিখিতভাবে জানান; কিন্তু প্রশাসন ব্যবস্থা নেয়ার আগেই মুরাদ হোসেন বটগাছটি কাটতে শুরু করে। এসময় বটগাছ কাটতে বাধা দিতে যায় আকরামসহ কিছু গ্রামবাসী। এসময় মুরাদ, রাসেল মুন্সি, গেন্দা খান, বাসার, নজরুলসহ বেশ কিছু লোক দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় আকরাম হোসেন ও তার সঙ্গীদের ওপর। হামলায় আকরামের পক্ষের আতর আলী (৩৫), শরফি কাজীসহ প্রায় ১০ জন আহত হয়। তাদের মধ্যে দুই জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী জানান, দুই পক্ষকেই আইন নিজের হাতে তুলে না নিতে সতর্ক করে দেয়া হয়েছে।