নলকূপের ৭০ ফুট গভীরে লাশ, উদ্ধারে সময় লাগবে

আপডেট : ০৯ মার্চ ২০১৪, ২৩:০৪
গভীর নলকূপের আশি ফুট দীর্ঘ পাইপের ৭০ ফুট অংশে শাহিনার লাশের সন্ধান পেয়েছে উদ্ধারকারী দল। গতকাল রবিবার ভোরে উদ্ধার কাজ শুরু হয়েছে। তবে লাশটি উদ্ধারে আরো ২-৩ দিন সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কুমিল্লার দেবিদ্বারে গত ৭ ফেব্রুয়ারি শ্বাসরোধ করে হত্যা করা হয় তিন সন্তানের জননী গৃহবধূ শাহিনাকে (৩৫)। এরপর লাশ গভীর নলকূপে নিক্ষেপ করে ঘাতকরা। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের ঘটনায় গত ৭ মার্চ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ঘাতক আব্দুল করিম। শাহীনার স্বামীর সাথে দুই লাখ টাকা চুক্তিতে খুনিরা এ নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা দেবিদ্বার থানার এস আই শাহ কামাল আকন্দ জানান, গতকাল ভোর থেকে খনন ও পাইপ উত্তোলনের কাজ পুরোদমে শুরু করা হয়। ঘাতক আবদুল করিম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পরে তাকে কারাগারে পাঠানো হয়। ঘাতক তার জবানবন্দিতে জানিয়েছে, দুবাই প্রবাসী স্বামী মোবারকের পরামর্শে সে ও আরো ২ ঘাতক শাহিনাকে হত্যা করে গভীর নলকূপে ফেলে দেয়। তবে পুলিশের ধারণা, শাহিনাকে হত্যার পর তার দেহ খণ্ড-খণ্ড করে নলকূপের পাইপে গুম করা হতে পারে। পুলিশ আসামিদের গ্রেফতারের স্বার্থে অপর দুই ঘাতকের নাম-পরিচয় গোপন রেখেছে। উদ্ধার টিমের প্রধান মনসুর আলী জানান, লাশ উদ্ধার কাজ শেষ হতে আরো ২/৩ দিন লাগতে পারে। এদিকে ঘটনাস্থলে লাশ উদ্ধার কার্যক্রম দেখতে গতকালও জেলা শহরসহ দূর-দূরান্ত থেকে হাজার হাজার জনতা ভিড় জমায়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হচ্ছে।