দুপুর সোয়া দুইটা। রাজধানীর বিমান বন্দর সড়কের বনানী এলাকায় তীব্র যানজট। এসময় একটি সিএনজি এক প্রাইভেটকারকে পেছন থেকে ধাক্কা দেয়। দামি গাড়িতে ধাক্কা সহ্য করতে পারেনি প্রাইভেটকারের তিন আরোহী। তারা নেমেই সিএনজি চালককে বকাঝকা করে। একপর্যায় চড়াও হয়ে সিএনজি চালককে চড় মারে এক আরোহী। ঘটনাটি চেকপোস্ট থেকে কর্তব্যরত পুলিশ লক্ষ্য করছিল। পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসলে তিনজনের মধ্যে একজন দৌড়ে পালানোর চেষ্টা করে। পুলিশ সন্দেহবশত তাকেই আগে আটক করে। এসময় ওই যুবকের কাছে থাকা একটি কালো ব্যাগ থেকে বেরিয়ে আসে ৬০টি সোনার বার। এ যেন মেঘ না চাইতেই বৃষ্টি। পুলিশ তিনজনকেই আটক করে। এ ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার দুপুরে বনানী ১১ নম্বর সড়কের মোড়ে। আটক তিনজন হলো শাহাবুদ্দিন, শাহীন ও আবুল কাশেম। তাদের তিনজনের বাড়িই কুমিল্লার চৌদ্দগ্রাম থানার ছোটকিল গ্রামে।
বনানী থানা পুলিশ জানায়, আটক তিনজন প্রাইভেটকারে করে বিমান বন্দর এলাকা থেকে মহাখালীর দিকে দ্রুত যাচ্ছিলেন। এসময় বনানী ১১ নম্বর সড়কের মোড়ে পেছন থেকে একটি সিএনজি আটোরিকশা তাদের প্রাইভেটকারে ধাক্কা দিলে তারা গাড়ি থেকে নেমে সিএনজি চালকের উপর চড়াও হয়। বনানী থানা পুলিশের চেকপোস্টের সদস্যরা মধ্যস্থতা করতে যায়। পুলিশ কালো ব্যাগ সম্পর্কে প্রশ্ন করে প্রাইভেটকারে তল্লাশী চালানোর কথা বললে। বাকি দুজনও দৌড়ে পালানোর চেষ্টা করে। চেকপোস্টের পুলিশ সদস্যরা তাদের জাপটে ধরে। এরপর তাদের বনানী থানায় নিয়ে যাওয়ার পর কালো ব্যাগ থেকে প্রতিটি ১১ তোলা ওজনের ৬০টি সোনার বার বের হয়।
থানা পুলিশ আরো জানিয়েছে, আটককৃতরা সোনার বার সম্পর্কে সন্তোষজনক জবাব দিতে কিংবা বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি। উদ্ধার করা সোনার ওজন সাত কেজি ৮০ গ্রাম। দাম প্রায় সাড়ে তিন কোটি টাকা।
