প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পদমর্যাদা বাড়ল

আপডেট : ০৯ মার্চ ২০১৪, ২৩:০৯
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মর্যাদা তৃতীয় শ্রেণি থেকে একধাপ উন্নীত করে দ্বিতীয় শ্রেণি করা হয়েছে। একইসঙ্গে সহকারী শিক্ষকদেরও বেতন স্কেল বাড়ানো হয়েছে। নতুন এ সিদ্ধান্তের ফলে প্রশিক্ষণ-প্রাপ্ত প্রধান শিক্ষকদের (গ্রেড-১১) মূল স্কেলের বেতন হবে ছয় হাজার ৪০০ টাকা এবং প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষকদের (গ্রেড-১২) মূল বেতন স্কেল হবে পাঁচ হাজার ৯০০ টাকা। অন্যদিকে সহকারী শিক্ষকদের মূল বেতন স্কেল হবে প্রশিক্ষণপ্রাপ্তদের ক্ষেত্রে পাঁচ হাজার ২০০ টাকা এবং প্রশিক্ষণবিহীনদের চার হাজার ৯০০ টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রবিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৪’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান শিক্ষকদের মর্যাদা বৃদ্ধির ঘোষণা দেন। গতকালই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, জারির দিন থেকেই এই আদেশ কার্যকর হবে। প্রায় ৬০ হাজার সরকারি বিদ্যালয়ের শিক্ষক এই সুবিধা পাবেন। শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে প্রধান শিক্ষকদের পদমর্যাদা এবং সহকারী শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধি করায় গতকাল বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানিয়েছেন প্রাথমিকের শিক্ষকরা। এছাড়া এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ গ্র্যাজুয়েট প্রাথমিক শিক্ষক সমিতি।