শ্রেষ্ঠ নারী ‘মা’র জন্য উপহার কিনতে কাজ করছেন শিক্ষার্থীরা!

আপডেট : ০৯ মার্চ ২০১৪, ২৩:০৯
নিজের মাকে শ্রেষ্ঠ নারী হিসেবে পুরস্কৃত করতে মা’র জন্য উপহার কিনতে কাজে যোগ দিয়েছেন শিক্ষার্থীরা! এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন কুমিল্লার চান্দিনার স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা। স্থানীয় যুব সমাজকল্যাণ পরিষদের ব্যানারে গত শনিবার আন্তর্জাতিক নারী দিবস থেকে পাঁচ দিনের এ কর্মসূচি শুরু হয়েছে। প্রথম দিন ৪০ জন ছাত্র স্থানীয় এক ব্যক্তির জমিতে আলু উত্তোলন ও বহনের কাজ করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, শিক্ষার্থীরা ৫ দিন ধরে কৃষি, নির্মাণ, ইলেক্ট্রিক, মাটি কাটা ও রাস্তা মেরামতের কাজ করবেন। মূলত দিনমজুর হিসাবে খেটে যে টাকা উপার্জিত হবে ওই টাকার একটি অংশ দিয়ে তারা নিজেদের মাকে পুরস্কৃত করবে। বাকি টাকা সামাজিক উন্নয়ন ও আর্তমানবতার সেবায় ব্যয় করা হবে। প্রথম দিন কাজে অংশ নেয়া ছাত্রদের মধ্যে রয়েছেন অনার্স ১ম বর্ষের ছাত্র মাহাবুব আলম সুমন, রুবেল আহমেদ শাওন, মো. সালাউদ্দিন, কাজী রুহুল আমিন, স্নাতক ১ম বর্ষের ছাত্র মো. ইউনুছ ও মো. শাহ আলম, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং -এর ছাত্র মো. ইমরান, উচ্চ মাধ্যমিক ১ম বর্ষের ছাত্র আলমগীর হোসেন, জুয়েল আহমেদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা। অভিনব এই কর্মসূচির সমন্বয়কারী হিসাবে দায়িত্ব পালন করছেন স্থানীয় মাধাইয়া বাজার ছাদিম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা কাজী ছিদ্দিকুর রহমান। তিনি জানান, এই ছাত্ররা নিজেদের মাকে নিজেরাই পৃথিবীর শ্রেষ্ঠ নারী হিসেবে মর্যাদা দিতে চায়। তাই তারা দিনমজুরের কাজ করে তা থেকে শিক্ষা গ্রহণ এবং কষ্টার্জিত টাকায় মাকে পুরস্কৃত করবে। কর্মসূচির শেষ দিন মা’দের পুরস্কৃত করা হবে বলে তিনি জানান।