লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা

আপডেট : ০৯ মার্চ ২০১৪, ২৩:১০
ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে প্রথমবারের মতো প্রার্থী তালিকা ঘোষনা করলো ক্ষমতাসীন কংগ্রেস। তালিকায় কংগ্রেস চেয়ারপার্সন সোনিয়া গান্ধী, ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধীসহ আছেন ক্রিকেট তারকাও। পশ্চিমবঙ্গের ১৭টিসহ সারা দেশের মোট ১৯৪টি আসনে গতকাল প্রার্থী ঘোষণা করা হয়। খবর এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া ও পিটিআই’র। প্রার্থী তালিকা প্রণয়নে নারী ও যুব সমাজের কথা বিবেচনায় রেখে তালিকায় ১৫% নারী রাখা হয়েছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীসহ মোট ২৮ জন মহিলা আছে তালিকায়। বহু জল্পনা সত্ত্বেও নাম নেই প্রিয়াঙ্কার। ৩৫% প্রার্থীর বয়স ৫০ বছর এর নীচে। কংগ্রেস উত্তর প্রদেশের ৮০ আসনের মধ্যে ৫০ আসনেও প্রার্থী ঘোষণা করেছে। তবে বেনারসকে বাদ রাখা হয়েছে। সোনিয়া গান্ধী প্রার্থী হচ্ছেন রায়বেরেলি থেকে এবং আমেঠি আসন থেকে দাঁড়াচ্ছেন রাহুল গান্ধী। ফুলপুর আসন থেকে প্রার্থী হচ্ছেন ক্রিকেটার মহম্মদ কাইফ। এ আসন থেকে এক সময় জওহরলাল নেহরু প্রার্থী হয়েছিলেন। তালিকায় রয়েছেন লোকসভার স্পিকার মীরা কুমার (সাসারাম), অটল বিহারী বাজপায়ীর ভাইজি করুণা শুক্লা (বিলাসপুর) ও উড়িষ্যার সাবেক প্রধান বিচারপতি এনওয়াই হনুমানথাপা (বেল্লারি)। তালিকায় আরও আছেন ২৪জন বর্তমান মন্ত্রী এবং দলের ২০১ বর্তমান এমপির মধ্যে ৮০ জনের নাম। রাজ্য থেকে যাঁর প্রার্থী হওয়া নিয়ে এখন কিছুটা দোলাচল চলছে, সেই সাবেক ক্রিকেট অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের নামও এই তালিকায় নেই। প্রথমে জঙ্গিপুর বা মুর্শিদাবাদ থেকে লড়তে চাইলেও পরে অধীরের প্রস্তাব মেনে বশিরহাট ও কৃষ্ণনগরের মতো কেন্দ্র থেকে লড়তে রাজি হয়েছিলেন আজহার। কিন্তু ইতোমধ্যে তিনি তৃণমূল নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করে তাঁর বিরুদ্ধে প্রার্থী না দেয়ার আবেদন জানান। কংগ্রেস সূত্র জানিয়েছে, এতে মনক্ষুন্ন হয়েছে প্রদেশ নেতৃত্ব।