ভাই-বোন, দুই ভাই বা দুই বোনের মধ্যে যেকোনো একজনের বিয়ের পরে তাদের সম্পর্কে অনেকসময় শৈথিল্য চলে আসে। বিয়ের পর যেহেতু নতুন এক জীবনের সাথে মানিয়ে নিতে হয় সেহেতু বিবাহিত ব্যক্তি প্রায়ই তার নিজের পরিবারের লোকজন থেকে আলাদা হয়ে পড়ে। এমন সময় তাকে আরও দূরে ঠেলে না দিয়ে যতটা সম্ভব তার কাছাকাছি হওয়ার চেষ্টা করাটাই জরুরি। বিয়ের পরে সম্পর্কের পরিবর্তিত রূপ নিয়ে লিখেছেন আহসান রনি
আয়েশা ও শায়না পিঠাপিঠি দুই বোন। একই সঙ্গে বড় হয়ে উঠেছেন। ছেলেবেলা থেকেই তাদের যতটা ঝগড়াঝাটি, ভাবও ঠিক ততটাই। কিন্তু ইদানীং বড় বোন আয়েশার বিয়ের পর থেকেই তাদের সম্পর্কে একটা দূরত্ব এসেছে, যা ছোটবোন শায়নাকে খুব কষ্ট দিচ্ছে। আয়েশা এখন বাপের বাড়ির কোনো দায়িত্বই নিতে চায় না। স্বামীই সবসময় তার প্রথম গুরুত্ব পাচ্ছে। বাবা-মায়ের অসুখ-বিসুখ, বাড়ির ছোট-বড় সব কাজ শায়নাকেই এক হাতে সামলাতে হচ্ছে। আয়েশাকে ব্যাপারটা জানালেও সে তেমন একটা গুরুত্ব দেয় না। কোনো একটা অজুহাতে পুরো ব্যাপারটা পাশ কাটিয়ে যায়। বোনের এমন আচরণে শায়না প্রচণ্ড কষ্ট পাচ্ছেন। বিয়ের পরে কেউ যে এত দায়িত্বহীন হয়ে যেতে পারে সেটা তার ধারণাতেই ছিল না।
বোনের সাথে সম্পর্কের পরিবর্তনে করণীয়
বিয়ের পরে জীবনের একটা নতুন দিক খুলে যায় ঠিকই কিন্তু তা-ই বলে পরিবার বিশেষ করে বাবা-মাকে অবহেলা করা একেবারেই সমর্থনযোগ্য নয়। যাই হোক, এমনটাও তো হতে পারে আপনার বোনের বিয়ের পরে নতুন জীবনে মানিয়ে নিতে একটু বেশিই সময় লাগছে। শ্বশুরবাড়ি আর বাবার বাড়ির পরিবেশে সামঞ্জস্য করা খুব একটা সহজ কথা নয়। যাই হোক, যতই মনে হোক বোনটি পুরোনো সংসারে খুব একটা উত্সাহ দেখাচ্ছেন না, তাকে কখনোই নিজেদের থেকে আলাদা করবেন না। কোনো সমস্যার কথা নয়, কোনো কারণ ছাড়াও তো কথা বলা যায়। আগে যেমনটা করতেন, ঠিক তেমনভাবেই একসঙ্গে আড্ডা দিন। তা বাড়িতেও হতে পারে কিংবা আপনার পছন্দের কফি শপেও। গল্পচ্ছলে পরিবারের সংবাদ তাকে দিন। তার শ্বশুর বাড়ির খবরাখবরও নিন। শ্বশুর বাড়িতে কোনো সমস্যা থাকলে একসঙ্গে বসে সমাধান করার চেষ্টা করুন। নিজেদের মধ্যে তৈরি হওয়া দূরত্বটা কখনও বাড়তে দেবেন না। মাঝেমধ্যে কোনো উপলক্ষ ছাড়াই বোনের বাড়িতে যান। বোন বা তার শাশুড়ির প্রিয় একটা খাবারের আইটেম রান্না করে নিয়ে যান। সবাই একসঙ্গে বসে আড্ডা দিন। এতে দুই পরিবার একাত্ম হবে। আপনার পারিবারিক সমস্যায় তাদের সদুপদেশ এবং সহযোগিতা পাবেন। একা লাগবে না।
