ভিডিও চ্যাটিংয়ের জন্য বিশ্বের অন্যতম জনপ্রিয় সেবার নাম স্কাইপ। পিসি, স্মার্টফোন, ট্যাবলেট পিসি বা ল্যাপটপের মতো যেকোনো ডিভাইসেই স্কাইপ ইন্সটল করে নিয়ে যুক্ত থাকা যায় পছন্দের মানুষের সাথে। জনপ্রিয় এই সেবাকে একটা সময়ে এসে কিনে নেয় মাইক্রোসফট। এরপর থেকে তাদের কাছে দাবী ছিল আলাদা অ্যাপ্লিকেশনের সাথে সাথে ওয়েবেও স্কাইপকে উন্মুক্ত করে দেওয়ার। এর আগে কয়েকটি দেশের জন্য আউটলুক থেকেই সেবাটি চালু থাকলেও এবারে সকলের জন্যই উন্মুক্ত করে দেওয়া হয়েছে সেবাটি। এর ফলে এখন আউটলুক থেকেই স্কাইপ ব্যবহার করা যাবে। ফলে ওয়েব ব্রাউজার থেকেই এখন স্কাইপে এইচডি ভিডিও কলিং উপভোগ করা যাবে। পিসির পাশাপাশি ম্যাকেও সমানতালে চলবে এই সেবা। একে সকলের জন্য উন্মুক্ত করতে পেরে মাইক্রোসফট অত্যন্ত আনন্দিত বলে জানিয়েছেন স্কাইপের মার্কেটিং ম্যানেজার ক্যারেন টং।
